কালিহাতীতে সংঘর্ষে প্রাণহানি: ৭ পুলিশ প্রত্যাহার
টাঙ্গাইলের কালিহাতীতে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় পুলিশের তিন উপ-পরিদর্শকসহ সাত সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনজন উপ-পরিদর্শক ও চারজন কনস্টেবলকে জেলা পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে। তারা এখন মামলার তদন্তসহ কোনো ধরনের দায়িত্ব পালন করতে পারবেন না।”
তবে প্রত্যাহার করা পুলিশ সদস্যদের নাম জানাননি তিনি।
ছেলের সামনে মাকে ‘ধর্ষণের’ অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার বিকালে কালিহাতী উপজেলা সদরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে তিনজন নিহত হন।
ওই সময় যেসব পুলিশ সদস্য গুলি ছুঁড়েছিলেন, তাদের প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে আগেই পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জামান জানিয়েছিলেন।
দুপুরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি, গতকালের ঘটনার সময় যারা গুলি ছুঁড়ছে, তাদের ক্লোজ করার জন্য।
“নিরপেক্ষ তদন্ত করার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত শেষে যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ডিসিপ্লিন) মো. আলমগীর আলমকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। এই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
