২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ডিজিটাল ডিসপ্লে বানাল ইউআইইউ

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ডিজিটাল ডিসপ্লে পদ্ধতির উদ্ভাবন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 09:08 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

‘ডেইজি মাল্টি মিডিয়া বুকস’ নামে এই ডিজিটাল ডিসপ্লে তৈরিতে অর্থায়ন করেছে প্রধামন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন উইং (এটুআই)।

এ উপলক্ষে শনিবার রাজধানীর সাতমসজিদ রোডে ইউআইইউ ভবনে একটি সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন তুলে ধরে বলা হয়, বাংলাদেশের ৪০ লাখ দৃষ্টিপ্রতিবন্ধী রয়েছে, যারা তাদের পড়ার উপযোগী প্রযুক্তি ও যন্ত্রপাতি অনেক বেশি দামি হওয়ার কারণে এসব ব্যবহার থেকে বঞ্চিত থাকছে।

আর দৃষ্টিপ্রতিবন্ধীদের খুব সামান্য একটি অংশ প্রযুক্তিগত সহায়তা নিয়ে স্কুল-কলেজে পড়াশুনা করতে পারছে।

সেমিনারে মূল প্রতিবেদন উপস্থাপন করেন ভাস্কর ভট্টাচার্য। এ সময় ‘ডেইজি মাল্টি মিডিয়া বুকস’ সর্ম্পকে তুলে ধরেন তিনি।

তিনি বলেন, প্রযুক্তিগত চ্যালেঞ্চ মোকাবেলার হাতিয়ার হিসেবে এই বইটি দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়তা করবে।

সেমিনারে ডিজিটাল ব্রেইলের কার্যকারিতা নিয়ে আরিফ রেজা আনোয়ারি বক্তব্য রাখেন। এছাড়া অ্যানড্রয়েড সিস্টেমে পড়ার ক্ষেত্রে এর উপযোগিতা নিয়েও আলোচনা করেন তিনি।