২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে জলদস্যুর গুলিতে জেলে নিহত

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 02:17 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

নিহত মো. সিডু মাঝির  (৪২) বাড়ি ভোলার দৌলতখানের ভবানিপুর ইউনিয়নে। তিনি দৌলতখান উপজেলার মৎস্য ব্যবসায়ী কুদ্দুস মিয়ার মাছ ধরা ট্রলার এফবি ফারিহায় বৃহস্পতিবার বঙ্গোপসাগারে মাছ ধরতে যান।

দৌলতখান থানার ওসি আবুল বাশার জানান, শনিবার সকালে তার লাশসহ অন্য জেলোর ঘাটে ফিরে আসে।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

আহতদের ভোলা সদর ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দস্যুদের হামলায় এফবি রাফিন নামে একটি ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারের জেলেরা অন্য নৌকায় করে তীরে ফিরেছে।

এফবি ফারিহা বৃহস্পতিবার ১৯ জন মাঝি মাল্লা ও জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। ট্রলারটি শুক্রবার বিকালে বঙ্গোপসাগরের কালকিনি এলাকায় জলদস্যুর কবলে পড়ে বলে জানান ফিরে আসা জেলেরা।

ওই ট্রলারের মাঝি মোসলেউদ্দিন বলেন, হঠাৎ করে ২/৩টি ট্রলারে করে এসে জলদস্যুরা ট্রলার ধাওয়া করে ও এলোপাথাড়ি গুলি ছুড়ে। এ সময় সিডু ও মিজান (৩৫) গুলিবিদ্ধ। এতে সিডু ঘটনাস্থলেই মারা যায়।

“ওই সময় একই এলাকায় ভোলার ২৫/৩০টি  ট্রলার মাছ ধরছিল। ডাকাতদের হামলায় অন্তত ৪০ জন আহত হয়েছে।”

ডাকাতদের ধাওয়ায় এফ বি রাফিন ট্রলার ডুবে যায়। অন্য ট্রলারের সহায়তায় জেলেরা উদ্ধার হয় বলে জানান তিনি।

ওসি আবুল বাশার বলেন, এ ঘটনায় পুলিশ আইনগত সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।