ঢাকায় বেপারীদের কুপিয়ে গরুর ট্রাক ছিনতাই
কোরবানির পশুর হাটের নিরাপত্তায় পুলিশের নজরদারির মধ্যে ঢাকায় বেপারীদের কুপিয়ে গরুভর্তি একটি ট্রাক ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে সংসদ ভবনের সামনের সড়ক থেকে ১৫টি গরুবোঝাই ওই ট্রাকটি একটি পিকআপভ্যানে আসা দুর্বৃত্তরা ছিনিয়ে নেয় বলে ঝিনাইদহ থেকে আসা গরুর বেপারীরা অভিযোগ করেছেন।
দুটি ট্রাকে গরু নিয়ে বাড্ডা থানার আফতাব নগর পশুর হাটে যাচ্ছিলেন এই বেপারীরা। একটি ট্রাক আফতাব নগরে পৌঁছার পর অন্য ট্রাকটি হারিয়ে ফেলার বিষয়টি ধরতে পারেন তারা।
হারিয়ে ফেলা ট্রাকে থাকা চার বেপারী মাসুম (২৪), সুজন (২৬), হাসু মিয়া (৪৫) ও তানজিমুলকে (২৮) ধারাল অস্ত্রের আঘাতে জখম অবস্থায় মেরুল বাড্ডায় একটি পিকআপ ভ্যানে পাওয়া যায়।
তাদের সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে বাড্ডা থানার এসআই খান নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক আহতদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঝিনাইদহ থেকে ঢাকা আসার পর তাদের একটি গরু অসুস্থ হয়ে পড়েছিল।
“ট্রাক ড্রাইভার সংসদ ভবন এলাকায় গাড়ি থামালে একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন যুবক এসে তাদের মারধর করে গরুবোঝাই ট্রাক ও কয়েক হেলপারসহ ট্রাকটি ছিনিয়ে নেয়।”
শেরে বাংলা নগর থানার এসআই মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংসদ ভবন এলাকা থেকে সকাল ৭টার দিকে গরুবোঝাই ট্রাক ছিনতাইয়ের খবর পেয়ে তারা সেখানে গিয়ে ট্রাকটি পাননি।
ঝিনাইদহ থেকে আসা গরুর ব্যবসায়ী নজরুল ইসলাম পুলিশকে বলেন, ওই এলাকা থেকে তাদের আনা ১৫টি গরুবোঝাই একটি ট্রাক ছিনতাই হয়েছে।
এই রকম একটি গরুর ট্রাক ছিনতাই হয়েছে (ফাইল ছবি)
ব্যবসায়ীদের উদ্ধৃত করে এসআই মনিরুজ্জামান বলেন, ঝিনাইদহ থেকে ওই বেপারীরা দুটি ট্রাকে গরু নিয়ে আফতাব নগর পশুর হাটে যাচ্ছিলেন।
“সারাপথে যে ট্রাকটি পেছনে ছিল, তা সংসদ ভবন এলাকায় সামনের ট্রাককে পাশ কাটিয়ে আফতাব নগর হাটে পৌঁছানোর পর দেখে, অন্য ট্রাকটি হাটে আসছে ন। ট্রাকের চালক, হেলপার এবং ওই ট্রাকে থাকা ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।”
এরপর তারা মৌখিকভাবে পুলিশকে গরু ছিনতাইয়ের ঘটনা জানালে পুলিশ ব্যবস্থা নিতে শুরু করে বলেও জানান এসআই মনিরুজ্জামান।
এরপর মেরুল বাড্ডায় একটি পিকআপভ্যানে চার বেপারীকে আহত অবস্থায় পাওয়া যায়। ওই পিকআপভ্যানটি ছিনতাইকারীদের কি না, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ব্যবসায়ীদের কাছে অভিযোগ পাওয়ার পর পুলিশ এক ট্রাকচালক সুজনকে গ্রেপ্তার করেছে বলে এসআই নুরুল ইসলাম জানান। ঝিনাইদহ থেকে আসা যে ট্রাকটি আফতাব নগরে পৌঁছেছে, সুজন সেই ট্রাকটির চালক।
ছিনতাই হওয়া ট্রাকটি সাভারের আশুলিয়ায় পাওয়া গেছে বলে জানান শেরে বাংলা নগর থানার এসআই মনিরুজ্জামান। তবে ট্রাকটির চালক ও সহকারী কিংবা কোনো গরু এতে পাওয়া যায়নি।
শেরে বাংলা নগর থানার ওসি জি জি বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গরুবোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনাটি পুলিশ তদন্ত করছে। যারা দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন, তাদের সঙ্গে কথা বলা হবে।
আগামী শুক্রবার ঈদের আগে শনিবার ঢাকায় কোরবানির পশুর হাটগুলো বসেছে। দেশের বিভিন্ন স্থান থেকে বেপারীদের আনা গরু এসব হাটে বিক্রি হবে।
