পশুর ট্রাকে চাঁদাবাজি হচ্ছে: চট্টগ্রামের এসপি
কোরবানির পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ পাওয়ার কথা জানিয়ে এর বিরুদ্ধে বাহিনীর সদস্যদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার।
কোনো স্থানে পশুর ট্রাকে চাঁদাবাজি ও মাস্তানির ঘটনা ঘটলে তার দায় সংশ্লিষ্ট থানার ওসিকে নিতে হবে বলেও জানিয়েছেন তিনি।
রোববার পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে এক বৈঠকে পুলিশ সুপার বলেন, “সড়কে চাঁদাবাজি হচ্ছে বলে আমার কাছে অভিযোগ এসেছে।
“বিশেষ করে নগরীর অলংকার মোড়, মিরসরাইয়ের বারৈয়াহাট- এসব এলাকায় পরিবহন শ্রমিকদের নামে চাঁদাবাজি হচ্ছে।”
পুলিশ কর্মকর্তাদের বিষয়টি খেয়াল রাখার পাশাপাশি মহাসড়কের কোথাও চাঁদাবাজি দেখলে ছবি তুলে তার কাছে পাঠাতে পরামর্শ দেন তিনি।
কোনো গরু ব্যবসায়ীকে জোর করে কোনো বাজারে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে থানার ওসিদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে হাফিজ আক্তার বলেন, “কোনো ধরনের মাস্তানি বরদাস্ত করা হবে না।”
সড়কে পশুর হাট বসতে না দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার ওসিদের নির্দেশ দেন হাফিজ আক্তার।
ফাঁকা রাস্তায় দুর্ঘটনা প্রতিরোধে ঈদের পরদিন থেকে পুলিশ চালকদের কাগজপত্র তল্লাসি করবে বলে জানান তিনি।
“ঈদে যানজট নিরসনের পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধ করাও একটি বড় চ্যালেঞ্জ। ঈদের সাত দিন আগে থেকে গাড়ির কাগজপত্র তল্লাসি বন্ধ থাকলেও ঈদের পরদিন থেকে গাড়ির, বিশেষ করে চালকদের কাগজপত্র তল্লাসি করা হবে।”
পুলিশ সুপার পরিবহন মালিকদের ঈদের সময় চালকের সহকারীদের গাড়ি চালাতে না দেওয়ার অনুরোধ জানান।
সভায় পরিবহন মালিক-শ্রমিকদের পক্ষ থেকে মহাসড়ক সংস্কার ও অন্য জেলা থেকে বাস চট্টগ্রামে প্রবেশ করতে না দেওয়ার আহবান জানান।
এসময় সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়া উদ্দিন জানান, আবহাওয়া ভালো হলেই সড়ক মেরামত হয়ে যাবে।
