২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিইঞ্জ ডিগ্রিধারীদের দায়িত্ব নিলেন মন্ত্রী মোশাররফ

সরকারের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান রেখে পেশাজীবী প্রকৌশলীদের (পিইঞ্জ) মর্যাদা সুপ্রতিষ্ঠিত করার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 12:18 AM

Updated : 22 Aug 2022, 01:15 PM

রাজধানীর বিয়াম মিলনায়তনে শুক্রবার ‘প্রফেশনাল ইঞ্জিনিয়ার পুনর্মিলনী ও জাতীয় উন্নয়নে প্রফেশনাল ইঞ্জিনিয়ারদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে মন্ত্রী এই আশ্বাস দেন।

প্রকৌশলীদের ‘বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন বোর্ডে’ পরীক্ষা দিয়ে পিইঞ্জ ডিগ্রি নিতে হয়।

প্রতি বছর ‘কনটিনিউয়াস প্রোগ্রেস ডেভেলপমেন্ট- সিপিবি’ নিতে হয় পিইঞ্জ ডিগ্রিধারীদের।

পিইঞ্জ ডিগ্রি নিতে প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া প্রকৌশলীদের মধ্যে ২০ থেকে ৩০ শতাংশ পাস করেন বলে একজন প্রকৌশলী জানিয়েছেন।

অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পে জনপ্রশাসনের কর্মকর্তাদের প্রকল্প পরিচালক নিয়োগের প্রতিবাদ জানান পিইঞ্জ প্রকৌশলীরা। কর্মক্ষেত্রে পিইঞ্জ ডিগ্রিধারী প্রকৌশলীদের পেশাগত মর্যাদা সুপ্রতিষ্ঠিত করাসহ বিভিন্ন দাবিও তুলে ধরেন তারা।

মন্ত্রী বলেন, “আপনারা (প্রফেশনাল ইঞ্জিনিয়ার) একটা সুনির্দিষ্ট প্রস্তাব দেন আমি ব্যবস্থা নেব। প্রফেশনাল ইঞ্জিনিয়াররা যাতে ফরমালি এসটাবলিস্ট হয়…আপনাদের যেসব ট্রেনিং দরকার তা নিয়ে পরিকল্পনা করা হবে।”

প্রফেশনাল ইঞ্জিনিয়ারদের কোনো বিকল্প নেই উল্লেখ করে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, “প্রকৌশলীদের বাদ দিয়ে কোনো রকম উন্নয়নের কথা চিন্তাও করতে পারি না। হাজার কোটি টাকা দিয়ে বিরাট ফ্যাক্টরি করলেন, ওই ফ্যাক্টরিতে যদি প্রকৌশলী না থাকে তা ১০ থেকে ১২ দিন চলবে।”

সেরা ফলধারী শিক্ষার্থীরাই প্রকৌশলী হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমরা কেন মাথানত করে চলব? আপনাদের যোগ্যতা অনুযায়ী নিজেদের কনফিডেন্সটা আদায়ের চেষ্টা করেন। আপনারা যদি আপনাদের দাবি না করেন এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এগোনোর চেষ্টা না করেন, কেউ আপনাদের রাস্তা ছেড়ে দেবে না।”

“আমার মতো লোক যদি বাংলাদেশে সবথেকে বৃহৎ মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারি সবাই তা হতে পারবেন। এজন্য দরকার কমিটমেন্ট এবং লক্ষ্য নির্ধারণ করে আগানোর স্প্রিহা।”

সময় ইঞ্জিনিয়ার হিসাবে জেলা পরিষদে সরকারি চাকরি করার সময় কাজের অভিজ্ঞাতা পিইঞ্জ প্রকৌশলীদের কাছে তুলে ধরেন মোশাররফ।

“হঠাৎ একটা নোটে দেখি আমার অভিমত নিয়ে বাজে ভাষায় জবাব দিলেন একজন উপসচিব। আমি তার জবাবে লিখলাম, জানি না আমি কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে সিএসপি হতে পারতাম কি না? তবে আমি একটা জিনিস সুনিশ্চিতভাবে বলতে পারি আমি যদি বাম হাত দিয়েও পরীক্ষা দিতাম তাহলে সেক্রেটারিয়েট চাকরি পেতাম। কাজেই দয়া করে একজন প্রকৌশলীর প্রতি এই ধরনের ঔদ্ধত্য দেখানোর ধৃষ্টতা দেখাবেন না। মন্ত্রী হওয়ার পরে এখনও আমি সেই ফাইল খুঁজে দেখি।”

বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সভাপতি এম শামীম জেড বসুনিয়া, প্রকৌশলী হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।