কৃষি ব্যাংকে নিয়োগ: ৪ ভুয়া পরীক্ষার্থীকে সাজা
কৃষি বাংকের কর্মকর্তা পদে লিখিত পরীক্ষায় বদলি হিসেবে (প্রক্সি) অংশ নেওয়া চার জনকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় আটক আরও ৭ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
সাজা প্রাপ্তরা হলেন- মো. রিপন হোসেন, মাওদুদ আহমেদ মিয়া, আব্দুল কাইয়ুম ও ইসমাইল হোসেন নয়ন।
শুক্রবার বিকালে পরীক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনিস্টিটিউটে ওই চার জনকে এ শাস্তি দেন নির্বাহী ম্যাজিস্টেট তানভীর মোহাম্মাদ আজিম।
কৃষি ব্যাংকে নিয়োগে প্রবেশপত্র বিড়ম্বনা
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কৃষি বাংকের লিখিত পরীক্ষা চালকালীন সময় বদলি (প্রক্সি) পরীক্ষা দেওয়া ১১ জনকে আটক করেন দায়িত্বরত পরীক্ষকরা।
তিনি বলেন, “সাজাপ্রাপ্ত চারজন সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করায় ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা অংশ গ্রহণের অপরাধ আইনের ধারা-০৩ অনুয়ায়ী তাদের এক বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে।”
বাকি সাতজনকে পরীক্ষায় অংশগ্রহণের আগেই আটক করেন দায়িত্বরত পরীক্ষকরা।
“পরীক্ষায় অংশগ্রহণ না করা ওই সাতজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়,” যোগ করেন ম্যাজিস্ট্রেট তানভীর।
