২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

’৭৩ এ চার মুক্তিযোদ্ধা হত্যার বিচার ফের শুরুর নির্দেশ

স্বাধীনতার দুই বছরের মাথায় গোপালগঞ্জে চার মুক্তিযোদ্ধাকে হত্যা মামলার বিচার কার্যক্রম ফের শুরু করার আদেশ দিয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

গোপালগঞ্জ প্রতিনিধি ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 10:32 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয় বলে মামলার বাদী পক্ষের আইনজীবী সঞ্জীব কুমার জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপালগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনালে পুনরায় মামলার বিচার কাজ শুরু করে ‘বিরতিহীনভাবে’ পরিচালনার আদেশ দিয়েছে আদালত।”

ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন। দ্রুত মামলাটি নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।”

চার দশক আগের ওই মামলার বাদী জেলা কৃষক লীগের সভাপতি লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার মুক্তিযোদ্ধার সঙ্গে সে সময় তিনিও হামলার শিকার হয়েছিলেন। তবে সেদিন প্রাণে বেঁচে যান তিনি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রচার কাজ শেষে ১৯৭৩ সালের ১০ মার্চ তিনি নিজেসহ মুক্তিযুদ্ধে ৮ ও ৯ নম্বর সেক্টরের সমন্বয়কারী কমিউনিস্ট পার্টির নেতা ওয়ালিউর রহমান লেবু, ন্যাপ নেতা মুক্তিযোদ্ধা কমলেশ বেদজ্ঞ, ছাত্র ইউনিয়ন নেতা বিষ্ণুপদ কর্মকার ও মানিক ভট্টাচার্য কোটালীপাড়া থেকে নৌকায় করে গোপালগঞ্জ ফিরছিলেন।

“কোটালীপাড়া উপজেলার টুপুরিয়ায় পৌঁছালে মুক্তিযুদ্ধের ‘হেমায়েত বাহিনীর’ প্রধান হেমায়েত উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই চার মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করে।

“তারা সেদিন আমার উপরও হামলা চালায়। তবে ভাগ্যক্রমে বেঁচে যাই আমি।”

কমলেশ বেদজ্ঞের পক্ষের আইনজীবী সঞ্জীব কুমার বলেন, ১৯৭৩ সালের ১১ মার্চ তৎকালীন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের কাছে লুৎফর রহমানের দেওয়া জবানবন্দি অনুযায়ী গোপালগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়।

“কিন্তু বারবার উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ আসায় দীর্ঘদিনেও মামলাটির বিচার কাজ সম্পন্ন হয়নি। সর্বশেষ হাই কোর্ট ডিভিশনের নির্দেশে মামলাটি ২০১২ সালের ৩ এপ্রিল গোপালগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।

“সাক্ষ্যগ্রহণ শুরুর নির্ধারিত দিনে ২০১৩ সালের ২৫ নভেম্বর আসামিপক্ষ পুনরায় উচ্চ আদালতের একটি স্থগিতাদেশ গোপালগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে হাজির করলে ফের বিচার কাজ স্থগিত হয়ে যায়।”

ওই স্থগিতাদেশের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করা হলে দীর্ঘ প্রায় দুই বছর শুনানি শেষে বৃহস্পতিবার পুনরায় স্পেশাল ট্রাইব্যুনালে মামলার বিচার কাজ শুরুর আদেশ আসে বলে জানান তিনি।

নিহত কমলেশ বেদজ্ঞের মেয়ে সুতপা বেদজ্ঞ বলেন, “মামলার কার্যক্রম পুনরায় শুরুর আদেশ দিয়ে উচ্চ আদালত ন্যায় বিচারের পক্ষে আদেশ দিয়েছেন। আমার বাবাসহ চার মুক্তিযোদ্ধা হত্যা ন্যায় বিচার হবে-এটাই আমি প্রত্যাশা করি।”

সিপিবি গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবু হোসেন বলেন, “উচ্চ আদালতের আদেশে আমরা খুশি। এতদিন পর হলেও এ হত্যাকাণ্ডের বিচার পুনরায় শুরু হচ্ছে। ন্যায়বিচার পাব বলে আদালতের প্রতি আস্থা রয়েছে।”

মামলার ২৩ আসামির মধ্যে ১৩ জন বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। প্রধান আসামি হেমায়েত উদ্দিনসহ ১০ জন এখনও জীবিত আছেন।

তাদের সবাই বর্তমানে জামিনে রয়েছেন বলে জানান অ্যাডভোকেট সঞ্জীব কুমার।

‘হেমায়েত বাহিনীর’ প্রধান হেমায়েত উদ্দিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এক পর্যায়ে বিএনপি প্রতিষ্ঠিত হলে তাতে যোগ দেন তিনি।

কোটালীপাড়া বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক হেমায়েত পরে রাজনীতিতে ততোটা তৎপর না থাকলেও ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ফের এই দলে আসেন তিনি। দুই বছর আগে সরকারি অর্থায়নে কোটালীপাড়ায় ‘হেমায়েত বাহিনী’ স্মৃতি যাদুঘর তৈরি করা হয়।