নিম্নমানের কাজও রাস্তা খারাপের জন্য দায়ী: সেতুমন্ত্রী
শুধু বৃষ্টি নয়, নিম্নমানের কাজও রাস্তা খারাপের জন্য দায়ী বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে রোড ডিভাইডার উদ্বোধন শেষে মন্ত্রী এ মত প্রকাশ করেন।
গত ৩০ বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এ কারণে অনেক রাস্তা খারাপ হয়েছে।
“তবে নিম্নমানের কাজও এজন্য দায়ী। এ বিষয়ে সওজ ও সেতু কর্তৃপক্ষকে সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
যানজট ও সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেক দেশেই বাংলাদেশের চেয়ে অনেক সরু রাস্তা রয়েছে। তারা নিয়মনীতি মেনে চলায় দুর্ঘটনা কম হয়।
ফিটনেসবিহীন যানবাহন যাতে সড়কে উঠতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিআরটিএকে নির্দেশ দেন মন্ত্রী।
রোড ডিভাইডার উদ্বোধনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কবির হোসেন, সওজ বিভাগের পাবনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু রওশন, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিরাজগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, বিআরটিএর উপপরিচালক আশরাফুজ্জামানসহ সড়ক ও সেতু বিভাগের পদস্থ কর্মকর্তারা।
এছাড়া স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
