২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ৫০০০ কচ্ছপ উদ্ধার, এক ব্যক্তির জেল

ঢাকার দক্ষিণখান এলাকা থেকে পাচারের জন্য রাখা বিভিন্ন প্রজাতির ‘পাঁচ হাজারের বেশি’ কচ্ছপ উদ্ধার করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 02:05 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

শুক্রবার র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণখানের উত্তর আশকোনা এলাকায় অভিযান চালিয়ে চারটি বিভিন্ন প্রজাতির এসব কচ্ছপ উদ্ধার এবং পাচারের চেষ্টায় জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. হাফিজ আহমেদকে (৫০) পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহম্মেদ তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

হাফিজ নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়এক এলাকার মৃত বদিয়ার রহমানের ছেলে। দণ্ড ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাফিজসহ পাচারকারী চক্রের ৭/৮ জন সদস্য উত্তর আশকোনা এলাকায় দুটি ফ্ল্যাট ভাড়া নিয়ে কচ্ছপ পাচারের কাজ চালিয়ে আসছিলেন।

“‍দুই বছর ধরে হাফিজ এই পাচারকারী চক্রের সঙ্গে জড়িত বলে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। চক্রটি ভারত ও নেপাল থেকে কচ্ছপ এনে বিভিন্ন আকৃতির লাগেজে সেগুলোকে প্যাক করতেন। এরপর বিমানের মাধ্যমে দেশের বাইরে পাচার করতেন।”

ওই বাসা থেকে বিভিন্ন আকৃতির ২৭টি লাগেজ উদ্ধার করা হয়, যাতে ‘পাঁচ হাজারের বেশি’ কচ্ছপ রয়েছে বলা হলেও কচ্ছপের সুনির্দিষ্ট কোনো সংখ্যা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

উদ্ধার কচ্ছপের বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা বলে র‌্যাবের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এতে বলা হয়, উদ্ধার কচ্ছপগুলোকে বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করতে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।