৭ দিনেও গ্রেপ্তার হয়নি পাবনায় শিক্ষকের উপর হামলাকারীরা
পাবনার পাকশী নর্থ বেঙ্গল পেপার মিল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে হামলার অভিযোগে দায়ের করা মামলায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার ঈশ্বরদী থানার বিমান কুমার দাসের কাছে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষকের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এক শিক্ষার্থীর স্বজনরা শিক্ষক নিত্য নন্দ ধরের উপর মঙ্গলবার হামলা চালান বলে নর্থ বেঙ্গল পেপার মিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম ফজলুর রহমান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে বলেন, অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী এক শিক্ষিকাকে প্লাস্টিকের সাপ দিয়ে ভয় দেখিয়েছিল। ওই শিক্ষিকা অভিযোগ করলে সহকারী প্রধান শিক্ষক ওই শিক্ষার্থীকে ‘সামান্য মারধর’ করে সাপটি কেড়ে নেন।
“এর কিছুক্ষণ পরেই ওই শিক্ষার্থীর ভাই সন্ত্রাসী টুনটুন ও কয়েকজন যুবক শিক্ষক নিত্য নন্দ ধরকে মারধর করে।”
হামলার শিকার ওই শিক্ষক ঈশ্বরদী থানায় টুনটুনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে মামলা করে।
এ নিয়ে কথা বলতে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও টুনটুনকে পাওয়া যায়নি।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি একেএম মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনা তদন্তে নর্থ বেঙ্গল পেপার মিলের ব্যবস্থাপক প্রশাসনকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। কমিটি সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
