২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামিবাহী গাড়ি দুর্ঘটনা: আরও একজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় আসামিবাহী একটি মাইক্রোবাস উল্টে আগুন ধরে দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দুজনে দাঁড়িয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 08:58 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বুধবার রাত ১১টার দিকে সুজাতপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনার  পর পাঁচ আসামি ও চার পুলিশ সদস্য অগ্নিদগ্ধ হন বলে পুলিশ জানায়।

দুর্ঘটনায় আবদুল আজিজ নামে এক পুলিশ কনস্টেবল ঘটনাস্থলেই মারা যায়। অন্যদের পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা দিকে বার্ন ইউনিটে শওকত (৩০) নামে এক আসামির মৃত্যু হয়।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, শওকতের শরীরের ৮৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

চৌদ্দগ্রাম থানার ওসি ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল চট্টগ্রাম থেকে আসামি ধরে রাতে মাইক্রোবাসে করে ঢাকায় ফিরছিল।

“পথে পেছন দিক থেকে দ্রুতবেগে আসা একটি ট্রাক পুলিশের গাড়িতে ধাক্কা দেয়। এটি উল্টে আগুন ধরে যায়।”

গাড়িটি উল্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরেছিল বলে স্থানীয়রা ধারণা করলেও ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, এটি ছিল ডিজেলচালিত গাড়ি।  

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়িটি ডিবি পুলিশের নিজস্ব। তেলচালিত গাড়িটিতে অতিরিক্ত একটি জেরিকেনে তেল ছিল। দুর্ঘটনার সময় এই অতিরিক্ত তেল থেকেই আগুন ধরে গেলে তারা দগ্ধ হয় বলে ধারণা করা হচ্ছে।”

দূরে কোথাও অভিযানে গেলে সাধারণত এভাবে বাড়তি তেল নেওয়া হয়ে থাকে বলে জানান তিনি।

দগ্ধ পুলিশ সদস্যরা হলেন- এসআই মালেক এবং তিনজন কনস্টেবল শরীফ, আনোয়ার ও নুরুল হাসান। আসামিরা হলেন- সাদ্দাম, বশির, নাজিম ও আবদুল শুকুর।

পুরনো খবর:

আসামিবাহী গাড়ি দুর্ঘটনায়, সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১