আসামিবাহী গাড়ি দুর্ঘটনায়, সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় আসামিবাহী একটি মাইক্রোবাস উল্টে সিলিন্ডার বিস্ফোরণে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে সুজাতপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আসামি ও চার পুলিশ দগ্ধ হয়েছেন।
চৌদ্দগ্রাম থানার ওসি ফরহাদ হোসেন জানান, আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দগ্ধ পুলিশ সদস্যরা হলেন- এসআই মালেক এবং তিনজন কনস্টেবল শরীফ, আনোয়ার ও নুরুল হাসান। আসামি পাঁচজন হলেন- সাদ্দাম, বশির, শওকত, নাজিম ও আবদুল শুকুর।
ওসি ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল চট্টগ্রাম থেকে আসামি ধরে নিয়ে রাতে মাইক্রোবাসে করে ঢাকায় ফিরছিল। পথে পেছন দিক থেকে দ্রুতবেগে আসা একটি ট্রাক পুলিশের গাড়িতে ধাক্কা দেয়।
“এতে মাইক্রোবাসটি রাস্তার পাশে উল্টে যায় এবং গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই এক কনস্টেবল মারা যান।”
কুমিল্লা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের সার্জন তৈয়বুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামি শওকতের অবস্থা গুরুতর, তার শরীরের ৮৫ শতাংশ পুড়েছে।
এছাড়া এসআই মালেকের শরীরের ৩৮ শতাংশ এবং আসামি নাজিমের ৩৫ ও শুকুরের ২৮ শতাংশ পুড়ে গেছে বলে জানান তিনি।
