২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি দখলে গিয়ে গ্রেপ্তার জাবি ছাত্রলীগের ৮ নেতা-কর্মীর জামিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় গিয়ে অন্যের হয়ে একটি জমি দখল করতে গিয়ে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া ছাত্রলীগের আটজন নেতা-কর্মী জামিন পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 08:21 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে তারা জামিন পান।

আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি আধাপাকা বাড়ি থেকে বাসিন্দাদের উৎখাত চেষ্টার মামলায় গত সোমবার তাদেরসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

গ্রেপ্তারের নাম দেখে বৃহস্পতিবার নিশ্চিত হওয়া যায় যে এদের আটজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মী।

আদাবর থানার ওসি রুহুল ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ১১ জনের মধ্যে আট ছাত্রের নাম জানালেও তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।

নাম পাওয়ার পর দেখা যায়, এদের একজন আব্দুর রহিম জুয়েল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক আব্দুর রহিম জুয়েল। তিনি জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪১তম ব্যাচের ছাত্র।

গ্রেপ্তার অন্য ছাত্রলীগকর্মীরা হলেন শেখ বনি আলম খান (ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ৪১তম ব্যাচ), মোহাম্মদ রবিউল ইসলাম (নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগ, ৪২তম ব্যাচ), জুবায়ের রহমান তালহা (গণিত বিভাগ, ৪২তম ব্যাচ), অনিক কুমার সাহা (ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, ৪২তম ব্যাচ), সৈয়দ লায়েব আলী (দর্শন বিভাগ, ৪৩তম ব্যাচ), মিনহাজুল আরেফিন (ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, ৪৩তম ব্যাচ) ও অলিউন নবী অলিভ (ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, ৪৩তম ব্যাচ)।

এরা সবাই বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী এবং ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের অনুসারী হিসেবে পরিচিত।

বায়তুল আমান হাউজিং সোসাইটির ১০ নম্বর রোডের ওই আধাপাকা বাড়ি থেকে তরিকুল হাসান ইমন ও তার পরিবারকে মারধর করে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে এই ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে।

মামলাকারী ইমনের কাছে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদককে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার এসআই শেখ মারুফ হাসান রাসেল বলেন, “গ্রেপ্তারের পরদিন ১১ জনকে আদালতে নিয়ে তিনদিনের রিমান্ডে চাওয়া হয়। আদালত রিমান্ডে না দিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।”

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুবলীগের কেন্দ্রীয় এক নেতার ছোট বোনের হয়ে জমি দখল করতে গিয়েছিলেন ১২/১৫ জন নেতা-কর্মী। আটজন ধরা পড়লেও বাকিরা পালিয়ে যায়।

ওই জমি নিয়ে বিরোধ কিংবা কোনো মামলা ছিল কি না- জানতে চাইলে এসআই মারুফ বলেন, তারা তা তদন্ত করে দেখছেন।

“মামলার বাদী সম্ভবত মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাই এখনও তার সঙ্গে সরাসরি কথা বলা যায়নি। তার সঙ্গে কথা হলে বিস্তারিত জানা যাবে।”

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যদি এ রকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হবে।

“আর ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”