২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানিতে পশুর কোনো সংকট হবে না: মন্ত্রী

আসন্ন ঈদে কোরবানির পশুর কোনো সংকট হবে না বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 07:52 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, ঈদ সামনে রেখে সারা দেশে খামার পর্যায়ে কোরবানি উপযোগী ৪০ লাখ গরু এবং ৬৯ লাখ ছাগল প্রস্তুত রয়েছে।

“কোরবানির পশুর কোনো সংকট হবে না।”

কেউ যেন অসাধু উপায়ে গরু মোটাতাজা করতে না পারে সেজন্য প্রাণিসম্পদ অধিপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, নিরাপদ মাংস নিশ্চিত করতে দেশের ৪৯৪টি হাটে ভেটেরিনারি মেডিকেল টিম রাখা হবে।

কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় ছায়েদুল হক বলেন, “গরু হৃষ্টপুষ্টকরণে স্টেরয়েড হরমোন প্রয়োগ করে কেউ ধরা পড়লে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

“ইউনিয়ন পর্যায়ে খামারিদের তালিকা তৈরি করা হয়েছে। তালিকাভুক্ত খামারিরা শুধু কোরবানি নয়, সারা বছর নিরাপদ গরুর মাংস উৎপাদন নিশ্চিতকরণে সহযোগিতা করবেন।”

আগামী কয়েক বছরের মধ্যে দেশ প্রাণিসম্পদে স্বয়ংসম্পূর্ণ হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায়ের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব শেলীনা আফরোজা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা এবং ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. রফিকুল ইসলাম সভায় বক্তব্য দেন।