২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেঁকের সময় দগ্ধ হওয়া শিশুটি মারা গেছে

শীতাতপ নিয়ন্ত্রিত অস্ত্রোপচার কক্ষে ঠাণ্ডা হওয়ার পর সেঁক দেওয়ার সময় দগ্ধ হওয়া শিশুটি মারা গেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 05:39 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বুধবার রাত ৩টার দিকে নগরীতে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত মুসরাত জাহানকে (৪ মাস) বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

হাসপাতালের উপ-পরিচালক ডা. আল-মামুন-অর-রশিদ বলেন, শিশুটিকে এ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এতে তার শরীর অবস্থার অনেকটা উন্নতিও হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। হঠাৎ করে অবস্থার অবনতি হয়ে সে মারা যায়।

হাসপাতালে শিশুটি চিকিৎসার কোনো ত্রুটি হয়নি বলে দাবি করেন তিনি।

গত ১৯ মে ওই হাসপাতালে জন্ম হয় শিশুটির। পায়ুপথ না থাকায় ২০ মে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির পায়ুপথ প্রতিস্থাপন (কলোস্টমি) করেন ইসলামী ব্যাংক হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সার্জন ডা. মোজাম্মেল হক।

পরে কাটা স্থান ফাঁক হয়ে নাড়ি বের হয়ে গেলে ১১ জুলাই শিশুটিকে ডা. মোজাম্মেলের কাছে নিয়ে যাওয়া হয়। ওই রাতেই রাতেই শিশুটির দ্বিতীয়বার অস্ত্রোপচার করেন তিনি। প্রায় চার ঘণ্টাব্যাপী ওই অস্ত্রোপচারের সময় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে ঠাণ্ডায় শরীরের তাপমাত্রা কমে যায় শিশুটির।

শিশুটির বাবা মিজানুর রহমানের অভিযোগ, শিশুটির জ্ঞান ফেরানোর জন্য সেঁক দিতে গিয়ে তার শরীর পুড়িয়ে দেন চিকিৎসক এবং পরের দিন শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

তিন বলেন, বিভিন্ন গণমাধ্যমে পুড়িয়ে দেওয়ার খবর প্রকাশিত হওয়ার পর গত ১৪ অগাস্ট মেয়ের চিকিৎসার দায়িত্ব নেয় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল। ওইদিনই আবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

“এরপর অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। কিন্তু বুধবার আবারও অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৩টার দিকে সে মারা যায়।”

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আল-মামুন-অর-রশিদ শিশুটির চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়ার সময় বলেছিলেন প্রয়োজনে ঢাকায় পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে, কিন্তু তাকে ঢাকা পাঠানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

পুরনো খবর:

সেঁক দিতে চিকিৎসকের হাতে দগ্ধ শিশু