সেঁক দিতে চিকিৎসকের হাতে দগ্ধ শিশু
শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ঠাণ্ডা হওয়া শিশুকে সেঁক দিতে গিয়ে শরীরে দগ্ধ করার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে।
রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।
এ ঘটনা তদন্তে বুধবার তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান রাজশাহীর সিভিল সার্জন ডা. আব্দুস সোবাহান।
তিনি বলেন, “ডেপুটি সিভিল সার্জন ডা. ফারহানা হককে প্রধান করে এ তদন্ত কমিটি করা হয়েছে।”
প্রায় তিন মাস বয়সী মুসরাত জাহান নামের অসুস্থ শিশুটি হলো রাজশাহী নগরীর নওদাপাড়ার মিজানুর রহমানের মেয়ে।
মিজানুর রহমান জানান, গত ১৯ মে অস্ত্রোপচারের মাধ্যমে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে তার মেয়ে মুসরাতের জন্ম হয়।
“জন্মের সময় থেকে পায়ুপথ না থাকায় ওই হাসপাতালের ডা. মোজ্জাম্মেল হক অস্ত্রোপচারের পরামর্শ দেন। পরদিন ২০ মে সন্ধ্যায় অস্ত্রোপচার করা হয়।
“ওই সময় পুরোপুরি সুস্থ না হওয়ায় চিকিৎসক জানান ছয় মাস পরে ফের অস্ত্রোপচার করতে হবে।”
মিজানুর রহমান বলেন, কিছুদিন পর শিশুটির পেট দিয়ে নাড়ি বের হয়ে এলে তিনি আবার ওই হাসপাতালে নিয়ে যান মেয়েকে।
“এরপর গত ১১ জুলাই শিশুটির দ্বিতীয় অস্ত্রোপচার করেন চিকিৎসক মোজাম্মেল হক।”
মিজানুর বলেন, অস্ত্রোপচার শেষে চিকিৎসক বের হয়ে এসে জানান, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে চার ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর ঠাণ্ডায় শিশুটির চেতনা ফেরানো যাচ্ছিল না। তাই গরম সেঁক দিতে গিয়ে বাচ্চার হাতের কাছে একটু পুড়ে গেছে। তারা একটা মলম দিচ্ছেন। কিছু দিন ব্যবহার করলেই ঠিক হয়ে যাবে।
পরদিন শিশুটিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় বলে জানান মিজানুর।
তিনি জানান, এর পর শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা পোড়ার জন্য চিকিৎসা দিয়ে দুইদিন পর তাকে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
কিন্তু ঢাকা নিয়ে দিয়ে চিকিৎসা দেওয়ার আর্থিক সঙ্গতি না থাকায় বাড়িতে রেখেই যতটুকু সম্ভব তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোজাম্মেল হক বলেন, “যা হবার তা হয়েছে, এ ব্যাপারে আমি আর কিছু বলব না।”
