বেতন কাঠামো নিয়ে ঢাবি শিক্ষকদের অবস্থান
স্বতন্ত্র বেতন স্কেল ও জাতীয় বেতন স্কেলে অবমূল্যায়নের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বৃহস্পতিবার সকালে কলাভবনের সামনে বটতলায় অনুষ্ঠিত কর্মসূচি থেকে বেতন কাঠামোর বৈষম্য দূর করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শিক্ষকরা।
কোরবানির ঈদ সামনে রেখে বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ছুটি শুরু হয়েছে। এর মধ্যেই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্বঘোষণা অনুযায়ী পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
কর্মসূচিতে ফেডারেশনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন, ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক এ জে এম শফিউল আলম ভুইয়া ও অধ্যাপক মো. নিজামুল হক ভুইয়াসহ দেড় শতাধিক শিক্ষক অংশ নেন।
অর্থমন্ত্রীর সঙ্গে শিক্ষকরা আলোচনায় বসবেন না জানিয়ে দাবি না মানা হলে অনির্দিষ্টকাল কর্মবিরতি চলতে পারে বলে সতর্ক করে দেন তিনি।
এদিকে শিক্ষকদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে ক্যাম্পাসে মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও ছাত্র ফোডারেশন।
