ইংরেজি মাধ্যমের স্কুলে ভ্যাটও আটকে গেল
আন্দোলনের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি’তে ভ্যাট বাতিলের পর ইংরেজি মাধ্যমের স্কুল থেকে তা আদায় আটকে গেছে আদালতের এক আদেশে।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বৃহস্পতিবার হাই কোর্টের একটি বেঞ্চ টিউশন ফিতে আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট ছয় মাসের জন্য স্থগিত করেছে।
দুই বছর আগে স্কুলে এই ভ্যাট আরোপ করে সরকার। এই বছর বেরসরকারি উচ্চ শিক্ষায়ও ভ্যাট আরোপের পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলনে নামে। এর পরিপ্রেক্ষিতে তা বাতিল করা হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলন করে সফল হওয়ার পর বৃহস্পতিবার ভ্যাট বাতিলের দাবিতে ঢাকার বিভিন্ন স্থানে মানববন্ধন করেনি ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর শিক্ষার্থীদের অভিভাবকরা।
এর মধ্যেই বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্টের আদেশ আসে।
ভ্যাট আরোপের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও দিয়েছে আদালত। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা সচিবকে এর জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। তার সঙ্গে ছিলেন এম মনজুর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।
আদেশের পর মনজুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলা মাধ্যমের স্কুল কলেজে ভ্যাট না থাকলেও ইংরেজি মাধ্যমের ওপর তা আরোপ করা হয়েছে, যা বৈষম্যমূলক ও সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতির পরিপন্থি।”
বাংলাদেশে ইংরেজি মাধ্যমের ১০২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতনের ওপর ২০১২ সালে সাড়ে ৪ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। চলতি বছরের বাজেটে তা বাড়িয়ে করা হয় সাড়ে ৭ শতাংশ, সেই সঙ্গে এর আওতায় আনা হয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে।
সরকার গত সোমবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিলে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাসোসিয়েশনও তাদের ভ্যাট প্রত্যাহারের দাবি জানায়।
সানিডেল ও সান বিম স্কুলের দুই শিক্ষার্থীর অভিভাবক ভ্যাট প্রত্যাহারের দাবিতে বুধবার হাই কোর্টে রিট আবেদন করলে বৃহস্পতিবার আদালতে শুনানি হয়।
কর্মসূচিতে শিশুদের নেওয়া নিয়ে প্রশ্ন
ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর ধানমণ্ডিতে কয়েকটি স্কুলের সামনে মানববন্ধনে অভিভাবকদের সঙ্গে শিশু শিক্ষার্থীদেরও অংশ নিতে দেখা গেছে।
শিশুদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশে ইউনিসেফের কমিউনিকেশন কর্মকর্তা সাকিল ফয়জুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিভাবকরা আন্দোলন করতে পারেন, কিন্তু শিশুদের রাস্তায় নামানো কতটা শিশুবান্ধব এবং যৌক্তিক?”
বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভের মধ্যে হাই কোর্টের আদেশ আসে
সকাল সাড়ে ১১টা থেকে সাত মসজিদ রোডে অন্তত ১৫টি ইংরেজি মাধ্যমের স্কুলের প্রায় দু’তিনশ শিক্ষার্থী ও অভিভাবককে মানববন্ধন ও সমাবেশ করতে দেখা যায়। ভ্যাটের বিরুদ্ধে প্ল্যাকার্ড-পোস্টার ছিল তাদের হাতে।
সমাবেশে অভিভাবকরা প্রশ্ন তুলে বলেন, সরকারি ও বেসরকারি স্কুলগুলো ভ্যাট না দিলে কেন শুধু ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে ভ্যাট থাকবে।
ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের স্ট্যান্ডার্ড ফাইভের একজন শিক্ষার্থীর অভিভাবক নাসরিন আরিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুধু ইংরেজি মাধ্যম স্কুল ভ্যাটের আওতায় রাখার সিদ্ধান্ত বৈষম্যমূলক।
“সরকারি স্কুল পর্যাপ্ত না থাকায় ছেলেমেয়েদের ভালো শিক্ষার খাতিরে ইংলিশ মিডিয়ামে দিতে হচ্ছে। অনেক কষ্ট করেই পয়সা দিয়ে পড়াচ্ছি। কিন্তু শিক্ষার পেছনে খরচ তো সবার সাধ্যের মধ্যে থাকা উচিত।”
অন্য এক অভিভাবক কামরুন্নাহার স্বপ্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষা সবার জন্য উন্মুক্ত। তাহলে শিক্ষায় কেন ভ্যাট?
“ইংলিশ মিডিয়ামে যারা পড়ছে, তাদের সবাই যে পয়সাওয়ালা পরিবারের এটা ঠিক না। অনেকে আছে মধ্যবিত্ত সংসারের।”
ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের সংগঠন ‘সচেতন অভিভাবক সমাজে’র ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে সংগঠনের পক্ষে এস চৌধুরী বাবু ও মনির আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না এলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন।
তবে তাদের কর্মসূচি শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই হাই কোর্টের আদেশ আসে, যাতে ভ্যাট স্থগিত করা হয়।
