সাজাভোগ শেষে মিয়ানমার থেকে ফিরছে ১৬ বাংলাদেশি
মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে ১৬ বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে বৃহস্পতিবার।
বুধবার বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আব্দুল হান্নান খাঁন এ তথ্য জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিভিন্ন অভিযোগে মিয়ানমারের আইন-শৃংখলা বাহিনী তাদের আটক করে কারাগারে পাঠিয়েছিল। তাদের কারাভোগ শেষ হলে ফেরত আনার জন্য বিজিবিকে একটি চিঠি ও পরিচয় সম্বলিত তালিকা পাঠায় বর্ডার গার্ড পুলিশ- বিজিপি।
ওই তালিকা যাচাই-বাছাই ও মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর তাদের ফেরত আনার তারিখ নির্ধারণ করে ফিরতি চিঠি পাঠানো হয় বিজিবির পক্ষ থেকে।
আব্দুল হান্নান বলেন, “বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের উপ-পরিচালক ক্যাপ্টেন মো. আজাহারুল আলমের নেতৃত্বে ১৭ সদস্যের বিজিবির প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে মিয়ানমার উদ্দেশ্যে রওনা হবেন। মংডুর ইমিগ্রেশন কেন্দ্রে বিজিপি ও ইমিগ্রেশন বিভাগের সঙ্গে বৈঠক শেষে তাদের ফেরত আনা হবে।”
