২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমানে দুর্ঘটনায় নিহত তিন শ্রমিকের পরিচয় মিলেছে

ওমানে এক্সকেভেটর চাপায় নিহত চার বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 06:19 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

নিহত তিনজন হলেন- লক্ষ্মীপুরের কমলনগর থানার পরগাছা গ্রামের মোহাম্মদ শাজাহান, কুমিল্লার মুরাদনগরের পাকবালিঘর থানার শিবাস দাস এবং নোয়াখালী সদরের আওজবালিয়া গ্রামের মো. সুমন।

মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (লেবার উইং) একেএম রবিউল ইসলাম এ তিন বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেন।

নিহত অন্যজনও বাংলাদেশি বলে টাইমস অফ ওমানের প্রতিবেদনে বলা হলেও তার নাগরিকত্ব নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ দূতাবাস।

রবিউল বলেন, “নিহত এ তিনজনই তাদের নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে অন্য একটি প্রতিষ্ঠানের জন্য কাজ করছেলেন। এ কারণে তাদের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে কিছুটা জটিলতা রয়েছে।”

গত রোববার বিকালে ওমানের রাজধানীতে মাসকাটের ইতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা জেবেল সিফাহ গ্রুপের একটি প্রকল্পে কাজ করছিলেন।

Image
দুর্ঘটনার ছবিটি টাইসম অফ ওমান থেকে নেওয়া

দুর্ঘটনার ছবিটি টাইসম অফ ওমান থেকে নেওয়া

টাইমস অফ ওমানের প্রতিবেদনে বলা হয়, সাতজন শ্রমিক ওই এক্সকেভেটরের (সাধারণত মাটি বা বালু তোলার জন্য ব্যবহার করা হয়) ঝুড়িতে বসে যাচ্ছিলেন।

“অনভিজ্ঞ চালক ও চলার সময় যন্ত্রটি নড়বড়ে হয়ে পড়ার এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে ওই শ্রমিকরা রাস্তায় পড়ে যান। এ সময় এক্সকেভেটরটির চাপায় ঘটনাস্থলেই তিনজন মারা যান।”

আহতদের চারজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার আরও এক শ্রমিক মারা যান।  

পুরনো খবর:

ওমানে এক্সকেভেটর চাপায় ৪ বাংলাদেশি নিহত