ওমানে এক্সকেভেটর চাপায় ৪ বাংলাদেশি নিহত
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এক্সকেভেটর চাপায় চার বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
দেশটির রাজধানী মাসকাটের ইতি এলাকায় রোববার বিকালে এ ঘটনা ঘটে বলে টাইমস অফ ওমানের এক প্রতিবেদনে বলা হয়েছে।
নিহতরা বাংলাদেশি বলে চিহ্নিত হলেও তাদের পরিচয় জানায়নি সংবাদপত্রটি। তারা জেবেল সিফাহ গ্রুপের একটি প্রকল্পে কাজ করছিলেন বলে জানানো হয়েছে।
টাইমস অফ ওমান বলছে, এই দুর্ঘটনার মধ্য দিয়ে ওমানে কাজের সময় শ্রমিকদের নিরাপত্তাহীনতার দিকটি ফুটে উঠল।
প্রতিবেদনে বলা হয়, সাতজন শ্রমিক ওই এক্সকেভেটরের (সাধারণত মাটি বা বালু তোলার জন্য ব্যবহার করা হয়) ঝুড়িতে বসে যাচ্ছিলেন।
“অনভিজ্ঞ চালক ও চলার সময় যন্ত্রটি নড়বড়ে হয়ে পড়ার এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে ওই শ্রমিকরা রাস্তায় পড়ে যান। এ সময় এক্সকেভেটরটির চাপায় ঘটনাস্থলেই তিনজন মারা যান।”
আহতদের চারজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার আরও এক শ্রমিক মারা যান। হতাহত সবাইকে মাসকাটের খোলা হাসপাতাল ট্রমা সেন্টারে নেওয়া হয়েছিল।
ওই শ্রমিকদের বাড়ির ঠিকানাসহ তাদের পরিচয় নিশ্চিত করতে কা্জ চলছে বলে ওমানে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা পত্রিকাটিকে জানিয়েছে।
নিহত চার শ্রমিকের মধ্যে তিনজনই কাগজপত্র ছাড়া অবৈধভাবে কাজ করছিলেন বলে স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অফ ওমান জানিয়েছে।
পত্রিকাটি বলছে, এ কারণে তাদের মৃত্যুতে স্বজনদের ক্ষতিপূরণ আদায় করা কঠিন হবে।
