গোপালগঞ্জে শিশু পাচারকারী সন্দেহে ২ নারী গ্রেপ্তার
ভারতে পাচারের সময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা থেকে চার শিশুকে উদ্ধার ও পাচারে জড়িত অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুই নারী হলেন- শাহিদা বেগম (৫০) ও সহিদা বেগম (৫০)।এদের মধ্যে শাহিদা ভারতের দিল্লিতে এবং সহিদা টুঙ্গিপাড়ার সিংগিপাড়া আশ্রয়ণ প্রকল্পে থাকেন।
টুঙ্গিপাড়া থানার এসআই মুজাহিদুল ইসলাম জানান, বুধবার তাদের বিরুদ্ধে পাচার আইনে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা করা হয়েছে।
ওই সময় তাদের কাছ থেকে উদ্ধার চার কিশোরের (বয়স ১৮ এর কম বলে নাম-পরিচয় প্রকাশ করা হলো না।) বাড়ি উপজেলার সিংগিপাড়া আশ্রয়ণ প্রকল্প ও রামচন্দ্রপুর এলাকায়।
এসআই মুজাহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশি বেতনের চাকরি ও টাকার প্রলোভন দেখিয়ে ওই চার কিশোরকে ভারতে পাচার করা হচ্ছিল।
স্থানীয়রা তা টের পেয়ে বিষয়টি কিশোরদের অভিভাবকদের জানালে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে ও চার কিশোরকে উদ্ধার করে।
টুঙ্গিপাড়া থানার ওসি মাহমুদুল হক জানান, গ্রেপ্তার দুই নারী একটি সংঘবদ্ধ শিশু ও নারী পাচারকারী দলের সদস্য।
উদ্ধার করা চার কিশোরকে তাদের বাবা-মায়ের কাছে পাঠানো হয়েছে জানান এই পুলিশ কর্মকর্তা।
