মা-ছেলে হত্যা: নারায়ণগঞ্জে ২ জনের মৃত্যুদণ্ড
চার বছর আগে এক নারীকে ধর্ষণ করার পর ঘটনা ধামাচাপা দিতে ছেলেসহ তাকে হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিয়াজী শহীদুল আলম চৌধুরী মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।
মামলার আরেক আসামিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন তিনি।
ফাঁসির আসামিরা হলেন- আবুল হোসেন ওরফে কাশেম ও দুলাল হোসেন।
আর সাত বছরের দণ্ডাদেশ হয়েছে বাবুল হোসেনের।
এদের মধ্যে দুলাল হোসেন পলাতক রয়েছেন বলে এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুর রহিম জানান।
তিনি বলেন, আদালত তিন আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে।
মামমলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ৫ মার্চ বিকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দড়িগাঁও এলাকায় অজ্ঞাতপরিচয় ২৫/২৬ বছরের এক তরুণী তার ছয় বছরের ছেলেকে নিয়ে স্থানীয়দের কাছে সাহায্য চাইতে আসেন।
ফাঁসির আসামি আবুল হোসেন (বামে) ও সাত বছরের দণ্ডিত বাবুল হোসেন
দুলাল হোসেন এ ঘটনা দেখেন এবং বিষয়টি প্রকাশ হয়ে যেতে পারে বলে ধর্ষণকারীদের সতর্ক করে দেন। এরপর কাশেম গলায় ওড়না পেঁচিয়ে ওই নারীকে হত্যা করে।
সে সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে দুলাল হোসেন কোদাল দিয়ে মাথায় আঘাত করলে সেও মারা যায়।
মামলার বিবরণে বলা হয়, আসামিরা লাশ দুটি দড়িগাঁও কবরস্থান এলাকার পুরনো কবরের গর্তে মাটি চাপা দিয়ে রাখে। পরে স্থানীয়রা লাশ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ফাঁসির আসামি আবুল হোসেন (বামে) ও সাত বছরের দণ্ডিত বাবুল হোসেনকে নিয়ে যাচ্ছে পুলিশ
আসামি বাবুল হোসেন গ্রেপ্তার হলে হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে পুলিশ তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
মামলার শুনানিতে ১০ জনের সাক্ষ্য শুনে বিচারক মঙ্গলবার রায় ঘোষণা করেন।
শেষ পর্যন্ত নিহত ওই নারী ও তার ছেলের পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানান এই আইনজীবী।
