ফেনীতে ‘পিস্তল-গুলিসহ’ যুবক গ্রেপ্তার
ফেনী শহরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যিনি ডাকাতিসহ চার মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার রাতে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় এ অভিযান চালানো হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান।
গ্রেপ্তার আবুল মঞ্জুর সবুজ (৩২) সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক। তার বাড়ি সোনাগাজী উপজেলার সমপুর গ্রামে।
সবুজের কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০টি গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পরিদর্শক আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবুজের বিরুদ্ধে সোনাগাজী ও ফেনী থানায় ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল।”
আরেকটি মামলা দায়ের করে সবুজকে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ।
