২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় গণপিটুনিতে দুই ‘জলদস্যু’ নিহত

সাতক্ষীরার শ্যামনগরে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। তারা সুন্দরবনের জলদস্যু ‘নুরী বাহিনীর’ সদস্য বলে দাবি করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 10:48 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

শ্যামনগর থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে পারসেমারি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পারসেসমারি গ্রামের ইউনুস আলীর ছেলে হযরত আলী ( ৩০) এবং ইয়াকুব গাজীর ছেলে ওবায়দুল্লাহ( ৩৫)।

ওসি এনামুল বলেন, “রাত ৮টার দিকে ‘নুরী বাহিনীর’ সদস্য হযরত ও ওবায়দুল্লাহ গ্রামে প্রবেশ করলে এলাকাবাসী তাদের ঘেরাও করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”

ঘটনাস্থল থেকে একটি পাইপ গান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহতদের বিরুদ্ধে হত্যা ও সুন্দরবনে নৌকায় ডাকাতি অভিযোগ রয়েছে বলেও জানান ওসি।