২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাল লাইসেন্স তৈরিতে সেনা ও পুলিশের চাকরিচ্যুতরা

গোয়েন্দা পুলিশ ঢাকার বাড্ডা থেকে ড্রাইভিং লাইসেন্স ‘জালিয়াত চক্রের’ চার সদস্যকে গ্রেপ্তার করেছে, যাদের নেতৃত্বে রয়েছেন সেনাবাহিনী ও পুলিশের দুই চাকরিচ্যুত সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 10:25 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

গ্রেপ্তাররা হলেন- সাইদুর রহমান শিমুল, বজলুর রহমান, আব্দুর রাজ্জাক ও সিরাজুল ইসলাম জিন্নাত।

এদের মধ্যে শিমুল চার বছর আগে সেনাবাহিনী থেকে এবং বজলুর ২০ বছর আগে ট্রাফিক পুলিশ থেকে বিভিন্ন অভিযোগে চাকরিচ্যুত হন বলে সোমবার এক ব্রিফিংয়ে জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিণার মনিরুল ইসলাম।

রোববার রাতে ওই অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে জাল লাইসেন্স তৈরির কিছু সরঞ্জামও জব্দ করা হয়েছে।

মনিরুল ইসলাম জানান, চক্রটি চার বছর ধরে জাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।

“এই চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্য সাইদুর রহমান শিমুল ও চাকরিচ্যুত ট্রাফিক পুলিশ সদস্য বজলুর রহমান। অন্য দুজন লাইসেন্স পেতে আগ্রহীদের তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিত।”

মনিরুল আরও জানান, প্রতারকরা বিআরটিএর কর্মকর্তা পরিচয়ে টাকার বিনিময়ে নকল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে দিত।

তারা ভুয়া ড্রাইভিং লাইসেন্সের জন্য ৭৫০ টাকা, নকল ফিটনেস সার্টিফিকেটের জন্য ৫০০ এবং ইন্স্যুরেন্স সার্টিফিকেটের জন্য ৩৫০ টাকা করে নিত বলে পুলিশ জানায়।

অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

বাড্ডা থেকে বিকালে অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা মনিরুল।

গ্রেপ্তার ইব্রাহিম খান ওরফে ভাগিনা তুষারের (৩২) কাছে একটি বিদেশি পিস্তল ও গুলি, ম্যাগাজিন পাওয়া গেছে।

মনিরুল বলেন, তুষারের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৫টি হত্যাসহ অন্তত ২০টি মামলা রয়েছে।

“সে শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশের ভাগিনা বলে ‘ভাগিনা তুষার’ নামেই বেশি পরিচিত। পলাশ জেলে থাকায় তার সব সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ করত তুষার।”