হাজিরা ২০০ টাকার দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি
সাপ্তাহিক ছুটির দিনে মজুরি ও দৈনিক হাজিরা ২০০ টাকা করার দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন মৌলভীবাজারের চা-শ্রমিকেরা।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের অঙ্গসংগঠন ভেলী ও বাগান পঞ্চায়েত কমিটির ডাকে সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করে তারা।
ওই শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, “এখনও চা-শ্রমিকেরা অমানবিক জীবন যাপন করেন। তারা দৈনিক যে ৭০ টাকা মজুরি পান তা দিয়ে ন্যূনতম খাদ্যসংস্থানও হয় না।
“এই অবস্থায় সাপ্তাহিক ছুটির দিনে মজুরি ও দৈনিক হাজিরা ২০০ টাকা করাসহ ২০ দফা দাবি আদায়ের জন্য এই কর্মসূচি পালন করা হয়েছে।”
সারা দেশের ১৬২টি চা-বাগানের এক লাখ ৩০ হাজার চা-শ্রমিক একযোগে এই কর্মসূচি পালন করেছেন বলে জানান এই শ্রমিকনেতা।
