বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
বেতন-ভাতার দাবিতে চার ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গাজীপুরের শ্রীপুরের একটি কারখানার শ্রমিকরা।
মাওনা হাইওয়ে থানার ওসি হেলালুজ্জামান জানান, উপজেলার মোলাইদ এলাকার ‘অদিব ডায়িং’ কারখানার শ্রমিকরা বিকাল ৪টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
এতে ওই সড়কে তীব্র যানজট দেখা দেয়। পরে শিল্প ও শ্রীপুর থানা পুলিশ সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
কারখানাটির সুইং অপারেটর সামসুন্নাহার বলেন, কয়েক দিন আগে কারখানা কর্তৃপক্ষ মাইকিং করে শ্রমিকদের জানায় যে, অগাস্ট মাসের বেতন-ভাতা ১৪ সেপ্টেম্বর পরিশোধ করা হবে। ঘোষণা মোতাবেক আজ শ্রমিকরা বেতন দাবি করলে আগামী ১৬ সেপ্টেম্বর দেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।
“এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে কারখানার প্রশাসনিক লোকজন সুইং সেকশনের ডিস্ট্রিবিউটর সোহেল রানাকে লাঞ্ছিত করলে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।”
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মাজেদুল হক চিশতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংক থেকে টাকা তুলতে না পারায় আগামী ১৬ সেপ্টেম্বর শ্রমিকদের বেতন পরিশোধের কথা জানানো হয়। বিষয়টি প্রথমে শ্রমিকরা মেনে নিলেও বহিরাগতদের উস্কানিতে তারা মহাসড়কে অবস্থান নেয়।”
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. জকির হোসেন জানান, মালিকপক্ষ আগামী ১৬ সেপ্টেম্বর বেতন-ভাতা পরিশোধের নিশ্চয়তা দেওয়ার পর শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
