২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৩

সাভারে অপহৃত এক যুবককে চারদিন পর গাবতলী থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আটক করেছে তিন অপহরণকারীকে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 06:51 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

র‌্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার মুঈদ মোহাম্মদ রুবেল জানান, রোববার সন্ধ্যায় ঢাকার গাবতলী বাস টার্মিনাল এলাকার একটি মোটর গ্যারেজ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার শাহাদাত হোসেন (২৭) সাভারের বাহেরচর এলাকার শাহজাহানের ছেলে। গত বৃহস্পতিবার বিকালে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ করা হয়।

আটককৃতরা হলেন, সাভারের ফিরিঙ্গিকান্দা এলাকার ফজলুল করিমের ছেলে শাওন আহমেদ হানিফ (২১), বাহেরচর এলাকার ফালাহ মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৩) ও চাঁদপুরের শাহরাস্তি থানার রাঘই এলাকার আবু তাহেরের ছেলে তৌফিক হাসান অভি (২০)।

র‌্যাব কর্মকর্তা রুবেল বলেন, অপহরণের পর শাহাদাতকে আটক রেখে তার বাবাকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় শনিবার সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন (নং-৬৭১) শাহাদাতের বাবা শাহজাহান।

পরে মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার এবং শাহাদাতকে উদ্ধার করা হয় বলে জানান তিনি।