২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোশাররফের বিরুদ্ধে খনি দুর্নীতি মামলা চলবে

বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের করা আবেদন খারিজ করে স্থগিতাদেশ তুলে নিয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 04:55 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

সোমবার দেওয়া এই রায়ের অনুলিপি পাওয়ার ৫০ দিনের মধ্যে ময়মনসিংহের সাবেক এই সংসদ সদস্যকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশও দেওয়া হয়েছে।

জরুরি অবস্থার সময় দুর্নীতি দমন কমিশনের করা এই মামলা বাতিল চেয়ে মোশাররফের আবেদনে সাত বছর আগে স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট।

ওই সময় জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাই কোর্ট বেঞ্চ সোমবার এই রায় দেয়।

Image
এ কে এম মোশাররফ হোসেন

এ কে এম মোশাররফ হোসেন

“এর ফলে নিম্ন আদালতে মোশাররফের বিরুদ্ধে মামলার কার্যক্রম চালিয়ে নিতে আর কোনো আইনি বাধা থাকল না,” বলেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলাম খান।

তিনি জানান, অভিযোগপত্র দাখিলের পর মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে।

এর আগে ১ সেপ্টেম্বর চারদলীয় জোট সরকারের সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে স্থগিতাদেশ তুলে নিয়ে রায় দেয় হাই কোর্ট।

ওই রায়ের অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে ওই মামলায় মোশাররফকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

কয়লা খনি দুর্নীতি মামলাটি হয়েছিল বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার সরকারের ১০ মন্ত্রীসহ ১৬ জনকে এ মামলায় আসামি করা হয়। মামলার পর ওই বছরের ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেয় দুদক।

আসামির তালিকায় মোশাররফ ছাড়া সাবেক মন্ত্রীদের মধ্যে রয়েছেন এম সাইফুর রহমান (মৃত), আবদুল মান্নান ভূঁইয়া (মৃত), খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম (মৃত), আলতাফ হোসেন চৌধুরী, আমিনুল হক, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।

জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর ওসমানী, সাবেক পরিচালক মঈনুল আহসান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং খনির কাজ পাওয়া কোম্পানির স্থানীয় এজেন্ট হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনও এই মামলায় আসামি।

চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে এই মামলায়।