দুই মামলায় ডেসটিনির হারুনের জামিন বহাল
মুদ্রা পাচারের দুই মামলায় ডেসটিনি গ্রুপের সাবেক প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর-রশিদের জামিন বহাল থাকছে।
হারুনের জামিনের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিলের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সোমবার তা খারিজ করে দিয়েছে।
হারুনের স্বাস্থ্যগত সমস্যার বিষয়ে চিকিৎসকের প্রতিবেদন এবং তার ‘সামাজিক অবস্থান’ বিবেচনায় নিয়ে ২০১২ সালের ১৮ অক্টোবর হাই কোর্ট শর্তসাপেক্ষে হারুনকে জামিন দিলে তিনি কারাগার থেকে মুক্তি পান।
জামিনের ওই শর্তে বলা হয়, জামিনে থাকার সময় হারুন তদন্তকাজে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবেন না; আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে পারবেন না এবং জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তদন্ত কর্মকর্তা যখন ডাকবেন, তখন তাকে সহায়তা করতে হবে।
এছাড়া তদন্ত চলাকালে হারুন-অর-রশিদ ডেসটিনির কোনো কর্মকর্তা-কর্মচারী বা মামলার অন্য কোনো আসামির সঙ্গে ফোনে বা সরাসরি যোগাযোগ করতে পারবেন না; ডেসটিনি বা আটক ব্যক্তিদের পক্ষে কোনো বিবৃতি দিতে বা তদবির করতে পারবেন না; ডেসটিনি কার্যালয়ে যেতে পারবেন না বলেও শর্ত দেওয়া হয় সাবেক এই সেনা প্রধানকে।
হাই কোর্টের ওই আদেশে বলা হয়, শর্ত ভঙ্গ করলে নিম্ন আদালত হারুনের জামিন বাতিল করতে পারবে।
ওই বছরের ২৫ অক্টোবর হাই কোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে দুদক, যার ওপর শুনানি নিয়ে সোমবার আদালত আদেশ দিল।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই মামলায় হারুন-অর-রশিদের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।”
সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের পর পাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় এই মামলা দুটি দায়ের করে দুদক।
হারুন-অর-রশিদ ছাড়াও ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনসহ ২২ কর্মকর্তাকে এসব মামলায় আসামি করা হয়।
