২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ শিশু উদ্ধার: গ্রেপ্তার চারজন রিমান্ডে

রাজধানীর বনশ্রীর একটি বাসা থেকে ১০ শিশু উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার চারজনকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 01:22 AM

Updated : 22 Aug 2022, 01:13 PM

রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে হাজির করে পুলিশ আসামিদের ১০ দিন করে রিমান্ড চাইলে বিচারক দুই দিন করে হেফাজত মঞ্জুর করেন।

এ সময় আসামিদের পক্ষে জামিন চাওয়া হলে তা নাকচ করেন বিচারক।

শনিবার দুপুরে বনশ্রীর সি ব্লকের ১০ নম্বর সড়কের ৭ নম্বর বাসার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১০ শিশুকে উদ্ধার করে পুলিশ। ওই বাসা থেকে আরিফুর রহমান, জাকিরা সুলতানা, ফিরোজ আলম খান ও হাসিবুল হাসান নামের চার জনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে রামপুরা থানায় মানবপাচার আইনে মামলা করেছেন উদ্ধার হওয়া এক শিশুর চাচা।  

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিরা একইভাবে আরও শিশুকে আটকে রেখেছে কি না এবং তাদের কার্যক্রম কী এসব জানতে পুলিশ তাদের হেফাজতে চেয়েছে।

উদ্ধার শিশুদেরও এ সময় আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জিয়ারত হোসেন শিশুদের গাজীপুরের কোনাবাড়ি শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠাতে আদালতের অনুমতি চান। বিচারক এক শিশুকে তার আত্মীয়ের জিম্মায় দিয়ে বাকিদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।

আটক চারজন ‘অদম্য বাংলাদেশ’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বলে পরিচয় দিয়েছেন। পুনর্বাসনের উদ্দেশ্যে ছয়/সাত মাস আগে ওই শিশুদের বাসাটিতে জড়ো করা হয় বলেও জানান তারা।

পুরনো খবর:

বনশ্রী থেকে ১০ শিশু উদ্ধারে মানবপাচারের মামলা