বনশ্রী থেকে ১০ শিশু উদ্ধারে মানবপাচারের মামলা
রাজধানীর বনশ্রীর একটি বাসা থেকে ১০ শিশুকে উদ্ধারের ঘটনায় ওই বাসা থেকে আটক চারজনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা হয়েছে।
আসামিরা হলেন- আরিফুর রহমান, জাকিরা সুলতানা, ফিরোজ আলম খান ও হাসিবুল হাসান।
এর নিজেদের ‘অদম্য বাংলাদেশ’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিচ্ছেন বলে রামপুরা থানার উপপরিদর্শক মাজহারুল ইসলাম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুরে বনশ্রীর সি ব্লকের ১০ নম্বর সড়কের ৭ নম্বর বাসার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১০ শিশুকে উদ্ধারের পাশাপাশি ওই চার জনকে আটক করে পুলিশ।
এই শিশুদের সবার বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে।
তাদের মধ্যে এক শিশুর চাচা মনির হোসেন বিকেলে রামপুরা থানায় আটক চারজনের বিরুদ্ধে মানবপাচার আইনে ওই মামলা দায়ের করেন বলে এসআই মাজহারুল জানান।
আসামিদের মধ্যে আরিফুর রহমান নিজেকে ‘অদম্য বাংলাদেশ’র চেয়ারম্যান এবং জাকিরা সাধারণ সম্পাদক বলে পরিচয় দিয়েছেন। অন্য দুজন প্রতিষ্ঠানের কর্মচারী বলে তারা বলছেন।
পুনর্বাসনের উদ্দেশ্যে ছয়/সাত মাস আগে ওই শিশুদের বাসাটিতে জড়ো করা হয় বলে তারা দাবি করেছেন জানিয়ে এসআই মাজহারুল বলেন, “পুলিশ বিষয়টি আরও গুরুত্ব দিয়ে তদন্ত করছে।”
“তবে সেখান থেকে ছয় মাস আগে পালিয়ে কমলাপুর যাওয়ার পর মোবারকের কোন সন্ধান পাচ্ছিলাম না।”
বিষয়টি নিয়ে খিলগাঁও থানায় একটি জিডি করেছিলেন বলেও জানান তিনি।
মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই শিশুদের অপহরণ করা হয়েছিল, না কি পুনর্বাসনের জন্য ওই বাসায় আনা হয়েছিল, সেটা পুলিশ তদন্ত করে দেখবে। পাশাপাশি সংস্থাটির ব্যাপারে খোঁজ খবর নেওয়া হবে।”
উদ্ধার অন্য নয় শিশুর পরিবারের কেউ এখনও থানায় যোগাযোগ করেনি জানিয়ে পুলিশ কর্মকর্তা মাজহারুল বলেন, যাদের পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হবে না তাদের রোববার আদালতের মাধ্যমে সরকারি ‘সেইফ হোমে’ পাঠানো হবে।
