মক্কায় নিহতদের একজন বাংলাদেশি
সৌদি আরবের মক্কায় মসজিদ আল-হারামে ক্রেইন উল্টে নিহতদের একজন বাংলাদেশি বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
মক্কায় বাংলাদেশ হজ অফিসের কনসাল মো. জহিরুল ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবারের ওই দুর্ঘটনায় মোহাম্মদ আবুল কাশেম (৪৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন।
চট্টগ্রামের বাসিন্দা আবুল কাশেম দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন বলে জানান তিনি।
বাংলাদেশ হজ মিশনের মেডিকেল দলের প্রধান ডা. ফিজির হায়াৎ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার নিহতদের ছবি ও পরিচয়পত্র দেখে মোহাম্মদ আবুল কাশেমের পরিচয় নিশ্চিত হয়েছেন তিনি।
ওই ঘটনায় নিহতদের ছবি মক্কায় হাসপাতালের দেয়ালে সেঁটে দেওয়া হয়েছে। তা থেকেই নিহতদের শনাক্তের চেষ্টা করছে বিভিন্ন দেশের দূতাবাস কর্তৃপক্ষ।
নিহত আবুল কাশেম চট্টগ্রামের চন্দনাইশের কাঞ্চনগঞ্জের মো. আনু মিয়ার ছেলে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, বর্তমানে মক্কার আল মোয়াইসিম হিমঘরে তার মৃতদেহ রাখা আছে।
মুসলমানদের পবিত্রতম স্থান কাবা শরীফ ঘিরে রাখা মসজিদে শুক্রবার একটি ক্রেন উল্টে পড়লে ১০৭ জন নিহত এবং অন্তত ২৩৮ জন আহত হন।
আহতদের মধ্যে ৪০ জন বাংলাদেশি থাকার কথা ওই দিনই জানিয়েছিলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
তাদের মধ্যে ৩৯ জনই চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মীর নিজাম উদ্দিন নামে একজন এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার বাড়িও চট্টগ্রামের চন্দনাইশে।
প্রতি বছর ৩০ থেকে ৪০ লাখ মুসলমান হজ পালন করতে মসজিদ আল-হারামে সমবেত হন। এবার প্রায় এক লাখ বাংলাদেশির হজে অংশ নেওয়ার কথা রয়েছে।
(সৌদি আরবের জেদ্দা থেকে আবুল বাশার বুলবুল এই প্রতিবেদন তৈরিতে সহয়তা করেছেন।)
