ব্যাংক থেকে ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সদরে একটি ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় এক ব্যবসায়ীর কাছ থেকে ছয় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার বেলা ১২টার দিকে পূবালী ব্যাংকের সিংগাইর উপজেলা শাখা কার্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক বলেন, উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ গ্রামের ইটভাটার মালিক আব্দুর জব্বার ব্যাংকে টাকা জমা দিতে ক্যাশ কাউন্টারে দাঁড়ান। এ সময় তার পাশে তিনজন অপরিচিত লোকও দাঁড়ায়। ওই ব্যবসায়ী টাকা জমার দেওয়ার রশিদ লেখার সময় অপরিচিতদের মধ্যে একজন তার পায়ের কাছে ১০০ টাকার একটি নোট ফেলে দেয়।
“পরে লোকটি ওই ব্যবসায়ীকে জানায়, ‘তার টাকা পড়ে গেছে’। জব্বার ওই টাকা তুলতে গেলে টাকার ব্যাগটি নিয়ে তারা পালিয়ে যায়।”
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) এ এস নেওয়াজি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ভিডিও চিত্র দেখে ঘটনা ও ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
