ঝিনাইদহে সাবেক কনস্টেবলের মৃত্যু, স্ত্রী-সন্তান আটক
ঝিনাইদহ শহরে অবসর ছুটিতে থাকা এক পুলিশ কনস্টেবলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বাড়ির পাশে তার লাশম পাওয়ার পর স্ত্রী, ছেলে ও মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
মৃত ওবাইদুল ইসলামের (৫৬) বাড়ি ঝিনাইদহ শহরের দক্ষিণ কালিকাপুর এলাকায়।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, ওবায়দুল ইসলাম চুয়াডাঙ্গা জেলায় কর্মরত ছিলেন।
“গত ১ অগাস্ট থেকে তিনি স্বেচ্ছা অবসর প্রস্তুতি ছুটিতে ছিলেন।”
ওসি জানান, সকালে প্রতিবেশীরা তাকে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করতে দেখেছেন।
সকাল ৯টার দিকে বাড়ির শৌচাগার ও সীমানা প্রাচীরের মাঝামাঝি স্থানে তার মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান ওসি।
তিনি বলেন, “ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। তার স্ত্রী, ছেলে ও মেয়েকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
মৃত কনস্টেবলের বড় ভাই সদরুল ইসলাম আভিযোগ করেন, তার ভাই কর্মস্থল থেকে বাড়ি এলে স্ত্রী ও ছেলে-মেয়ে নির্যাতন করত।
তার ভাইকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
