দূর্গাপুরের যুদ্ধাপরাধীদের তালিকা তৈরি
নেত্রকোণার দূর্গাপুর উপজেলার ৫২ জন রাজাকার ও আলবদর সদস্যের একটি তালিকা তৈরি যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার রুহুল আমিন চুন্নু জানান, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটি, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের নিয়ে এই তালিকা করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ।
তালিকাটি প্রশাসনের মাধ্যমে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
তালিকায় চুন্নু ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ও দূর্গাপুর থানার ওসি রেজাউল ইসলাম খানের সই রয়েছে।
রুহুল আমিন চুন্নু বলেন, “তালিকায় যাদের নাম এসেছে তাদের মধ্যে অনেকেই বেঁচে নেই।যারা জীবিত আছে, তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা উচিত।”
