নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
নরসিংদীর পলাশ উপজেলায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত হয়েছেন উপজেলার ডাঙ্গা গ্রামের মো. শহীদুল্লা (৫৬) ও মো. কামাল (৪২)।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত শহীদুল্লার ছেলে শফি (১৭)।
শনিবার দুপরে উপজেলার ডাঙ্গা গ্রামে প্রাণ ফুড ফ্যাক্টরির চরকা টেক্সটাইল মিলের সামনের নৌঘাটে এই দুর্ঘটনা ঘটে বলে জানান পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ।
ওসি বলেন, মিলের সামনের ঘাটে কয়েকজন নৌযাত্রী নদী পার হওয়ার সময় মিলের বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
তবে তার ছিঁড়ে পড়ার কারণ এখনও জানা যায়নি।
“এ ব্যাপারে মিল কর্তৃপক্ষের অবহেলা থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
দুর্ঘটনার পর আহত শফিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং নিহতদের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি আবুল কালাম আজাদ।
