মির্জাপুরে মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-কলকাতা পথে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক টেম্পোচালকসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের কলিমাজানীতে এই দুর্ঘটনা ঘটে বলে মির্জাপুর থানার এসআই মো. ফখরুল ইসলাম জানিয়েছেন।
নিহতরা হলেন- টেম্পোচালক উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামের মান্নান (৪৫) ও টেম্পোর আরোহী কলিমাজানী গ্রামের নয়া মিয়া (৩৫)।
এসআই ফখরুল জানান, কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস কলিমাজানী লেভেল ক্রসিং অতিক্রম করার একটি টেম্পো লাইনে উঠে গেলে দুর্ঘটনা ঘটে।
“ট্রেনের ধাক্কায় টেম্পোটি দুমড়ে-মুচড়ে লাইন থেকে ছিটকে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন।”
দুর্ঘটনায় টেম্পোর আরোহী স্বপ্না নামের এক কলেজছাত্রীও আহত হয়েছেন।
ওই লেভেল ক্রসিংয়ে প্রতিবন্ধক না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান এসআই ফখরুল।
লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
