২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় নির্যাতিতদের পাশে মানবাধিকারকর্মীরা

‘অসামাজিক’ কর্মকাণ্ডের ধুয়া তুলে এক প্রবাসীর স্ত্রী এবং তার বোন ও বোনজামাইকে নির্যাতনের পর সেখানে গেছেন মানবাধিকারকর্মীরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 07:49 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

ঘটনাটি শুনে পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। পুলিশও বলছে, তারা নির্যাতনকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

তবে গ্রেপ্তার একজন জামিনে বেরিয়ে যাওয়ায় নির্যাতিত নারী ও তার স্বজনরা এখনও নিরাপত্তাহীনতায় ভোগার কথা জানিয়েছেন। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে তাদের।

কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের পাঁচপোতা গ্রামে দুই সপ্তাহ আগে ওই তিনজনকে নির্যাতন চালানো হলেও নির্যাতিতরা লোকলজ্জার ভয়ে ঘটনাটি চেপে গিয়েছিলেন।

নানা মাধ্যমে ঘটনাটি জানার পর শনিবার মানবাধিকার সংগঠন আইন ও সালিস কেন্দ্র এবং স্বদেশের একটি প্রতিনিধি দল ওই এলাকায় যায়।

প্রতিনিধি দলের প্রধান মাধব দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কথিত সালিশের নামে একজন যেভাবে তিনজনকে নির্যাতন করা হয়েছে, সেটি অমানবিক, বর্বরোচিত ও অসম্মানজনক। এতে জড়িতরা শাস্তিযোগ্য অপরাধ করেছে।”

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ঘটনাটি পুরোপুরি জানতেন না। তবে প্রাথমিকভাবে শুনেই কলারোয়া থানার ওসিকে বিষয়টি দেখার পরামর্শ দিয়েছিলেন।

পুরো ঘটনা শুনে এখন নিজেও পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ওই গ্রামে ঘরে বসে গল্প করার সময় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী তার খালাত বোন ও বোনজামাইকে দড়ি দিয়ে বেঁধে পেটানো হয়েছিল বলে নির্যাতিতদের অভিযোগ।

ওই ঘটনায় যাদের বিরুদ্ধে মূল অভিযোগ, সেই বিল্লাল হোসেনসহ অন্যরা গ্রামে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের আটক করছে না বলে নির্যাতিতদের অভিযোগ।

তবে কলারোয়া থানার এসআই মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ওই গৃহবধূর করা মামলার আসামি রুহুল কুদ্দুসকে গত ১ সেপ্টেম্বর পুলিশ আটক করলেও পরে আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে আসেন তিনি।

এসআই মোয়াজ্জেম বলেন, “উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী হিসাবে সে জামিন পেয়েছে বলে শুনেছি।”

কুদ্দুস ও বিল্লালের সঙ্গে ইসমাইল নামে আরেকজন মামলার আসামি। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে মামলায়।

গত ৬ সেপ্টেম্বর মামলা করতে গেলে পুলিশের অসহযোগিতা পান বলে অভিযোগ নির্যাতিত গৃহবধূর।

“এসআই মোয়াজ্জেম হোসেনকে আমি যা বলেছি, তা তিনি লেখেননি। মামলায় নাম দিয়েছিলাম মোট ২০ জনের। অথচ লেখা হয়েছে মাত্র তিনজনের নাম,” অভিযোগ করেন তিনি।

তবে অসহযোগিতার এই অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম। 

মামলার আট দিন আগে গত ২৯ অগাস্ট পাঁচপোতা গ্রামে ঘটে তিনজনকে নির্যাতনের ঘটনাটি।

প্রায় ১২ বছর দাম্পত্যের মধ্যে তিন বছর আগে স্বামী মালয়েশিয়া যাওয়ার পর থেকে ওই গ্রামের ইব্রাহীমের ছেলে বিল্লাল উত্ত্যক্ত করে আসছিল বলে ওই গৃহবধূর অভিযোগ।

তিনি বলেন, “অশোভন প্রস্তাবে সাড়া না পেয়ে বিল্লাল বিভিন্ন স্থানে আমার নামে আপত্তিকর কথা বলে বেড়াত।”

স্বামীর সঙ্গে ভাসুর মোস্তফা মোড়লের জমি নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ার পর বিল্লাল মোস্তফার পক্ষ নিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যেতে থাকে বলে গৃহবধূর অভিযোগ।

এক পর্যায়ে মাস চারেক আগে ওই গৃহবধূর ভাই বোনকে নিজের বাড়িতে নিয়ে যান। গত ২৭ অগাস্ট মেয়ে ও খালাত বোনকে নিয়ে স্বামীর বাড়িতে পুনরায় ফেরেন তিনি।

এর দুদিন পর ২৯ অগাস্ট খালাত বোনের স্বামীও বেড়াতে আসার পর সেদিন দুপুরে তাদের নিয়ে গল্প করার সময় বিল্লালসহ অন্যরা ওই গৃহবধূর বাড়িতে ঢোকে।

তিনি বলেন, তারা প্রথমে তার বোন ও বোন জামাইয়ের বিয়ের প্রমাণপত্র দেখতে চায়।

“কাগজপত্র তো সব সময় সঙ্গে থাকে না- বলার পর তারা ৫০ হাজার টাকা চায়। তা দিতে রাজি না হলে তারা ঘরের আসবাবপত্র ভাংচুর শুরু করে, জিনিসপত্র ছিনিয়েও নিতে থাকে।”

Image
মারধরের পর কান ধরে উঠ-বস

মারধরের পর কান ধরে উঠ-বস

এরপর রশি এনে তিনজনকেই বেঁধে ঘরের বাইরে এনে লাঠি দিয়ে মারপিট শুরু হয়। এলাকার অনেক মানুষের সামনে প্রকাশ্যেই তা ঘটে।

কিছুক্ষণ মারধরের পর তিনজনকে নেওয়া হয় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুলিশিং কমিটির সদস্য  মো. ইসমাইলের বাড়িতে।

সেখানে মারধরের পর তিনজনকে একশ’ বার কান ধরে ওঠ-বস করার শাস্তি ঘোষণা করা হয়। 

“আমার বৃদ্ধা ও অসুস্থ শাশুড়ি ‘ওদের মারিসনে, মারিসনে’ বললেও তারা শোনেনি। চিৎকার শুনে স্থানীয় ইউপি সদস্য ফারুক  হোসেন ও তার ছেলে এসে ওদের কাছ থেকে লাঠি কেড়ে নিয়ে বাঁধন খুলে দেন।”

নির্যাতনে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ওই গৃহবধূ। তার বোন ও বোনজামাইও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।

ইউপি সদস্য ফারুক জানান, তিনি গ্রাম্য চিকিৎসক ডেকে আনান চিকিৎসার জন্য।

এরপর ওই গৃহবধূর ভাই খবর শুনে এসে বোনকে কলারোয়া হাসপাতালে নিয়ে যান।

কেড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভুট্টোলাল গাইন বলেন, তিনি ঘটনা জানার পরই সেখানে গেছেন।  তিনি মামলা করার পরামর্শও দেন।

ওই গৃহবধূ বলেন,লোকলজ্জার কারণে তারা প্রথমে কোনো পদক্ষেপ নেননি। পরে ঘটনাটি প্রকাশ হয়ে গেলে তিনি নারী নির্যাতন আইনে মামলা করেন।

“কুদ্দুস জামিনে বাড়ি এসে এখন হুমকি দিতে শুরু করেছে,” বলেন তিনি।

ওই গৃহবধূকে হাসপাতালে দেখতে এসে তার মামাত বোনের মা বলেছেন, তার মেয়ে ও মেয়েজামাই মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন।

“আমি নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই,” বলেন এই বৃদ্ধা।