ভ্যাটবিরোধী শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
বেসরকারি উচ্চ শিক্ষায় সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারে দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে আশুলয়ার বাইশমাইল এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে তারা।
এ সময় ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
তবে ওই ভ্যাট সরকারকে দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ব্যয়ই বাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করে আন্দোলন অব্যাহত রয়েছে।
এদিকে প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকায় ওই সড়কে তীব্র যানজট দেখা দেয়। চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল বলেন, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
