ঢাকার মামলার তথ্য মোবাইল অ্যাপসে
ঢাকার নিম্ন আদালতের দৈনন্দিন কার্যতালিকা ও মামলা নিষ্পত্তির তথ্য এখন মোবাইল ফোন থেকেই জানা যাবে।
শনিবার মোবাইল অ্যাপসের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি এস কে সিনহা।
ঢাকার দায়রা জজ আদালতের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই অ্যাপস উদ্বোধন করা হয়।
‘জাস্টিস সেক্টর কোঅর্ডিনেশন: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক এই সেমিনার সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি যৌথভাবে আয়োজন করে।
এই সেমিনারে প্রধান বিচারপতি জেলা আদালতগুলোতে পাহাড়সমান মামলাজট নিরসনের চ্যালেঞ্জ ও সমস্যাগুলো নিয়ে বক্তৃতা করেন।
জেলা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, মুখ্য মহানগর হাকিম আদালত, মুখ্য বিচারিক হাকিমের আদালতের জন্য পৃথক অ্যাপস রয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
