সরকার প্রতিশ্রুতি বরখেলাপ করছে: ইমরান
সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের রায় কার্যকরে বিলম্বের অভিযোগ তুলে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্রুতি ‘বরখেলাপ’ করছে।
শুক্রবার বিকালে শাহবাগের জাদুঘরে সামনে গণঅবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
যুদ্ধাপরাধী সাকা-মুজাহিদের রায় কার্যকরের দাবিতে এই গণঅবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
ইমরান বলেন, “যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের রায় দেওয়ার পর তিন মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তাদের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়নি। রায় কার্যকরে সরকারে পক্ষে থেকে কোন উদ্যোগ নেই ।
“যুদ্ধাপরাধীর বিচারে যে কালক্ষেপণ ও জামায়াত নিষিদ্ধে সরকারের যে কালক্ষেপণ, সেটা সরকারের দেওয়া প্রতিশ্রুতির বরখেলাপ।”
সরকার যুদ্ধাপরাধীদের বিচার ও যুদ্ধাপরাধীর রাজনৈতিক দল নিষিদ্ধ করবে বলে প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করছে না বলেও অভিযোগ করেন তিনি।
“প্রধানমন্ত্রী নিজেও প্রতিশ্রুতি দিয়েছিলেন জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করবেন। কিন্তু তিন বছর পার হয়ে গেলেও এখনও কার্যকরের উদ্যোগ নেওয়া হয়নি।”
