২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর একরাম হত্যা: অভিযোগপত্রের আসামি গ্রেপ্তার

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যার অভিযোপত্রে থাকা আসামি নিজাম উদ্দিন আবুকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 10:21 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

দীর্ঘদিন পলাতক এ আসামিকে শুক্রবার রাতে জেলা শহরের জেল রোড থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদ পেয়ে ভিত্তিতে পুলিশ জেল রোড এলাকায় অভিযান চালায়।

“গ্রেপ্তার নিজাম উদ্দিন আবু একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত ১৩ নম্বর আসামি।”

গ্রেপ্তার নিজাম উদ্দিন আবু ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার কামাল হাজারী রোডের নুরুল ইসলাম ওরফে ননা মিয়ার ছেলে।

Image
একরামুল হক (ফাইল ছবি)

একরামুল হক (ফাইল ছবি)

২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়ীসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

হত্যার একশ দিন পর ৫৬ জনকে আসামি করে পুলিশ অভিযোগপত্র দাখিল করে।

একরাম হত্যায় পুলিশ ও র‌্যাব বিভিন্ন সময়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেলসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ১৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।