চুয়াডাঙ্গায় ৪ কোটি টাকার কাপড়সহ ট্রাক আটক
চুয়াডাঙ্গায় বিজিবি চার কোটি টাকার কাপড়সহ একটি ট্রাক আটক করেছে।
শুক্রবার ভোর ৪টার দিকে জীবননগর উপজেলার হাসাদহ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান।
তিনি জানান, গোপন খবর পেয়ে বিজিবি সদস্যরা জীবননগর-ঢাকা সড়কের হাসাদহ বাজারের কাছে অবস্থান নেন।
“ট্রাকটি ওই পথে যাওয়ার সময় এর চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে হাসাদহ গ্রামের ভেতর ঢুকে পড়েন।
“ওই ট্রাকে পাঁচ হাজার ২৮০ পিস উন্নতমানের এবং এক হাজার ৩৭০ পিস মধ্যমমানের ভারতীয় শাড়ি, ৫৬০টি উন্নতমানের থ্রিপিস, ছয় হাজার ৪৯০ মিটার শার্টের কাপড় পাওয়া যায়।”
এসবের মূল্য ৪ কোটি ৯ লাখ ৭০ হাজার টাকা এবং আটক ট্রাকের মূল্য ৫৫ লাখ টাকা বলে জানান ওই পরিচালক।
