অটোচালককে পুড়িয়ে হত্যা: আটক ২
কিশোরগঞ্জে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে অটোরিকশা চালককে পুড়িয়ে হত্যায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আবীর হোসেন জনি (২২) ও মো. সাজন (১৫) সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমআটি শিবপুর গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানায়।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, শুক্রবার দুপুরে মিঠামইন উপজেলার গোপদীঘি ইউনিয়নের খাসাপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার সময় একদল বখাটে যুবক মিলে শামীমের হাত-পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে চলে যায়। এতে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়।
কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা নেওয়ার পথে গভীর রাতে শামীমের মৃত্যু হয়।
ওসি বলেন, দুপুরে শামীমের চাচা আব্দুল করিম চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ে আরও তিন/চার জনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই এ দুজন আত্মগোপন করেছিল। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
কিশোরগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বলেন, আসাদিমের দেরকে নেশা করতে বাধা দেওয়ার কারণেই তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
