২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরের ‘গোপন বৈঠক’, ৪১ কর্মী আটক

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে ‘গোপন বৈঠক’ করার অভিযোগে শিবিরের ৪১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 08:33 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ফার্মগেইট এলাকায় বাবুল টাওয়ার নামে একটি ভবনের ১৩ তলায় ওই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তেজগাঁও জোনের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার সাত্যকি কবিরাজ ঝুলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাশকতার উদ্দেশ্যে তারা গোপন বৈঠক করছিল- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।”

ভ্যাটবিরোধী আন্দোলনে জামায়াত ইসলামী এবং এর ছাত্র সংগঠন শিবিরের নেতা-কর্মীদের ইন্ধনের যে অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে তার সঙ্গে এদের গ্রেপ্তারের কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “সবাইকে এখনও জিজ্ঞাসাবাদ করা যায়নি। তবে সবকিছু মাথায় রেখে পুলিশ তদন্ত করছে।”

আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে বুধবার বাড্ডায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের পর বৃহস্পতিবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

এতে পুরো রাজধানী যানজটে অচল হয়ে পড়ে। পক্ষে-বিপক্ষে সংঘর্ষের ঘটনাও ঘটে।

আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে ভ্যাট প্রত্যাহার ছাড়াও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেখা যায়।

এর আগে গত সোমবার দুপুরে রাজধানীর পল্লবীতে জামায়াত নেতা হারুণ-অর রশিদের বাসায় অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ারসহ ১৩ জনকে বোমাসহ গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের ভাষ্য, ওই বাসায় তারা গোপন বৈঠক করছিলেন। ওই বাসা থেকে ২০টি হাতবোমাও উদ্ধার করা হয়।

পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার শিবিরের বৈঠকের সঙ্গে ওই আটকের ঘটনা কোনোভাবে যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।