চাঁদাবাজির মামলায় নাজমুল হুদা খালাস
চাঁদাবাজির অভিযোগে করা এক মামলায় সাজা থেকে খালাস পেয়েছেন সাবেক মন্ত্রী নাজমুল হুদা।
বিচারিক আদালতের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে নাজমুল হুদার আপিল মঞ্জুর করে বিচারপতি মো. মিজানুর রহমান ভূঁঞার হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেয়।
বগুড়ার বিএনপি নেতা জিএম সিরাজ ২০০৭ সালের ২৯ জুলাই ঢাকার ধানমণ্ডি থানায় তার দলের সাবেক নেতা নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে এ মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি সিরাজ ঢাকায় নাজমুল হুদার ধানমণ্ডির বাসায় গেলে হুদা তার পত্রিকা ‘খবরের অন্তরালে’র জন্য চাঁদা হিসেবে দুটি গাড়ি দাবি করেন। সিরাজ প্রথমে রাজি না হলেও পরে তাকে ‘বাধ্য করা’ হয় এবং তিনি ওই বছর ২৭ ফেব্রুয়ারি উত্তরা মোটরস থেকে একটি মারুতি গাড়ি কিনে দেন।
২০০৮ সালের ১২ জুন ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ মামলার রায়ে নাজমুল হুদাকে দুই ধারায় সাত বছর ও পাঁচ বছরের কারাদণ্ড দেয়।পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আর নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে বেকসুর খালাস দেয় আদালত।
ওই রায়ের বিরুদ্ধে নাজমুল হুদা ২০০৮ সালে হাই কোর্টে আপিল করেন।এর ওপর শুনানি শেষে বৃহস্পতিবার হাই কোর্ট রায় দেয়।
আদালতে নাজমুল হুদার পক্ষে শুনানি করেন আইনজীবী আশানূর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল খন্দকার মোদাররেস এলাহী।
আশানূর রহমান পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট আপিল মঞ্জুর করে সাজা বাতিল করে দিয়েছেন। ফলে তিনি (হুদা) অব্যাহতি পেলেন।”
অন্যদিকে খন্দকার মোদাররেস এলাহী জানান, এই রায়ের বিরুদ্ধে তারা আপিল আবেদন করবেন।
