২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রীকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ‘ধন্যবাদ’

দুঃখ প্রকাশ করে বক্তব্য প্রত্যাহার করে নেওয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ধন্যবাদ জানিয়েছেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 10:10 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়, “পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে অসংলগ্ন ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদানের পরিপ্রেক্ষিতে ফেডারেশনের বেঁধে দেওয়া ২৪ ঘন্টার মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুল স্বীকার, দুঃখ প্রকাশ ও বক্তব্য প্রত্যাহার করায় আমরা অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”

তবে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনেও অর্থমন্ত্রী ‘তার স্বভাবসুলভ অঙ্গভঙ্গিতে’ আবারও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়ে ‘নেতিবাচক’ বক্তব্য রেখেছেন অভিযোগ করে তার নিন্দাও জানিয়েছেন শিক্ষকরা।

“শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি-দাওয়ার পক্ষে যখন দলমত ও শ্রেণি-পেশা নির্বিশেষে দেশের আপামর জনসাধারণের ঐকমত্য সৃষ্টি হয়েছে। সেখানে সরকারের অর্থমন্ত্রী হিসেবে এ বিষয়ে ইতিবাচক কোনো বক্তব্য না রেখে বরং গোঁজামিল দেওয়া অষ্টম বেতন কাঠামোর পক্ষেই তিনি সাফাই গেয়েছেন।”

ফেডারেশন সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব অধ্যাপক এএসএম মাকসুদ কামাল স্বাক্ষর করেন।

একই সঙ্গে পে-স্কেলে শিক্ষকদের অবনমনের প্রতিবাদে ১৩ ও ১৭ সেপ্টেম্বর সব সরকারি বিশ্ববিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি এবং সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

“এর মধ্যে সরকারের পক্ষ থেকে আলোচনার আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাওয়া না গেলে লাগাতার কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করা হবে।”

ঘোষিত বেতন স্কেলে আমলাদের উন্নতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবনমনের ব্যাখ্যা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, “অষ্টম বেতন স্কেলে গ্রেড-১ এর উপরে আরও দুটি বিশেষ ধাপ থাকায় এবং সিলেকশন গ্রেড বাতিল করায় অধ্যাপকরা আর কোনোদিনই গ্রেড-১ প্রাপ্ত হবেন না। প্রকারান্তরে শিক্ষকদের চার ধাপ অবনমন করা হয়েছে। সুতরাং নতুন সুবিধা সৃষ্টি করলে তা অন্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত।”

অষ্টম বেতন কাঠামোয় আপত্তি জানিয়ে শিক্ষকদের কর্মবিরতি চলার মধ্যে মুহিত মঙ্গলবার বলেছিলেন, “দেশের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠী জ্ঞানের অভাবে আন্দোলন করছে। এই কর্মবিরতির কোনো জাস্টিফিকেশন নেই। তারা জানেই না পে-স্কেলে তাদের জন্য কী আছে, কী নেই।”

এতে তীব্র ক্ষোভ জানিয়ে শিক্ষক সমিতি ফেডারেশন বুধবার অর্থমন্ত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহারের দাবি জানায়।

পুরনো খবর:

শিক্ষকদের আন্দোলন জ্ঞানের অভাবে: মুহিত
ক্ষমা চাইতে মুহিতকে ২৪ ঘণ্টা সময়
দুঃখ প্রকাশ করে মন্তব্য প্রত্যাহার মুহিতের